রোজ ড্রেসেসে এবার পানি পান করে শ্রমিকেরা অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশতার পর এবার পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ ড্রেসেস লিমিটেডের তিন শতাধিক শ্রমিক। আজ রোববার সকালে তাঁরা কারখানার পানি পান করে অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা প্রথম আলো ডটকমকে জানান, অপেক্ষাকৃত কম অসুস্থ শ্রমিকদের স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্র, নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতাল, প্রপার জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বেশি অসুস্থ শ্রমিকদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শ্রমিক আশরাফুল ইসলাম বলেন, সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দেন। কাজে যোগ দেওয়ার পর শ্রমিকদের অনেকে কারখানার কলের পানি পান করেন। কিছুক্ষণ পর তাঁদের অনেকের গলা থেকে পেট পর্যন্ত প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। তাঁরা বমি করতে থাকেন এবং অনেকেই অচেতন হয়ে পড়েন।

এনাম মেডিকেল হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, পানিতে বিষক্রিয়াজনিত কারণে তাঁরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে তিনি জানান। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর চিকিত্সা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘যেসব খাবার ও পানি খেয়ে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন, তার নমুনা পরীক্ষার জন্য মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে পাঠানো হয়েছে।’

দ্য রোজ ড্রেসেস লিমিটেডের মালিক আতিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। আতিকুল ইসলাম তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি।

ওই কারখানার কয়েক শ শ্রমিক দিনের কাজ শেষে গত শুক্রবার রাতে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে আটটার দিকে তাঁদের কলা, কেক ও ডিম খেতে দেওয়া হয়। সেগুলো খাওয়ার আধা ঘণ্টার মধ্যে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর গতকাল ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকেরা। এবার পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আজ আবারও কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজিএমইএর অতিরিক্ত সচিব মো. হায়দার বলেন, ঠিক কী কারণে বারবার এই কারখানার শ্রমিকেরা পানি ও নাশতা খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত করা হবে।