রোজগারের জন্য নিরন্তর ছুটতে হয়েছে তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পেছনে তাদের মায়েরা খাবার নিয়ে ছোটাছুটি করেন। আর হতদরিদ্র শিক্ষার্থীদের নিজেদেরই ছুটতে হয় খাবারের পেছনে। একবেলা জুটলেও পরের বেলা খাবার জোগাড়ের চিন্তা তাড়িয়ে ফেরে তাদের। আর এ পরিস্থিতির মধ্য দিয়েও এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এমন কয়েকজনের গল্প শুনব আজ।এদের কেউ দিনমজুরি, পান বিক্রি ও প্রাইভেট পড়িয়েসংসার চালিয়েছে।কেউ আবার দারিদ্র্যও শারীরিক প্রতিবন্ধিত্বকে জয়করে পেয়েছে এ সাফল্য।প্রসঙ্গত, জিপিএ-৫ পাওয়া এমন মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেবে। নির্বাচনের ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনা করা হয়।পান বিক্রি করত নাদিম: নাদিম আহমদের বাবা বুলবুল আহমদ শ্বাসকষ্টের রোগী। কোনো ভারী কাজ তাঁর পক্ষে করা সম্ভব নয়। তাই পাঁচ সদস্যের পরিবারের হাল ধরতে হয় নাদিমকে। ফুটপাতে পান বিক্রি করে কোনো রকমে সংসার চালাতে হয় তাকে। তার পরও স্পৃহা দমে যায়নি তার। সিলেটের দ্য এইডেড উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।নাদিমের পরিবারের সদস্যরা জানান, নাদিম প্রতিদিন সকাল সাতটায় পানের দোকানে যেত। বেলা ১০টায় বাবাকে দোকানে রেখে সে বিদ্যালয়ে চলে যেত। আবার বিকেল চারটায় বিদ্যালয় ছুটির পর দোকানে বসত নাদিম। রাত ১০টায় বাসায় ফিরে পড়াশোনা করত সে। নাদিম বলে, ‘যত কষ্টই হোক, আমি পড়াশোনা চালিয়ে যাব। আমি ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই।’নাদিমের বাবা বুলবুল আহমদ জানান, সন্তানদের মধ্যে সবার বড় নাদিম তাঁর একমাত্র ছেলে। তাঁদের মূল বাড়ি ময়মনসিংহের কুশমাইল গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরের রায়নগর সোনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বাস করছেন। তিনি বলেন, ছেলের পানের দোকানের আয় দিয়ে পড়াশোনার খরচ থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ চলে।কলেজে ভর্তির টাকা জোগাড় করতে দিনমজুরি: কলেজে ভর্তির টাকা জোগাড় করতে এখন নিয়মিত দিনমজুরি করছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পলাশ চন্দ্র রায়। সে উপজেলার বন্দিয়ারা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। বাবা সিরেন্দ্রনাথ রায়ও পেশায় দিনমজুর। পৈতৃক ভিটেবাড়ি ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই। শুধু বাবার শ্রমে সংসার না-চলায় পলাশকে মাঝেমধ্যেই দিনমজুরি করে পড়াশোনা করতে হতো।গত শুক্রবার বিকেলে দস্তমপুর গ্রামের পলাশের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের মুখে জানা গেল, সে সাতসকালে অন্যের ধান কাটতে গেছে। বিকেল পাঁচটার দিকে ময়লা প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি পরা অবস্থায় বাড়ি ফিরে এলে কথা হয় তার সঙ্গে। ছবি তোলার কথা বলতেই তার চোখেমুখে ইতস্তত ভাব ফুটে ওঠে। পরে সে জানায়, তার একমাত্র শার্টটি ধুয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেশীর শার্ট পরিয়ে তার ছবি তোলা হয়। বন্দিয়ারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা সরকার জানান, সুযোগ পেলে পলাশ অনেক দূর এগিয়ে যাবে।দারিদ্র্য ও প্রতিবন্ধিত্বকে জয় করল মঈনুল: জন্ম থেকেই মঈনুল ইসলামের হাত দুটো বাঁকা। পায়েও ঠিকমতো শক্তি পায় না সে। আর্থিকভাবেও তার পরিবার সচ্ছল নয়। দারিদ্র্য আর শারীরিক প্রতিবন্ধিত্ব জয় করে মঈনুল নড়াইল সরকারি বালক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পঞ্চম শ্রেণীতেও ট্যালেন্টপুল বৃত্তি পায় মঈনুল।মঈনুলের বাবা রবিউল ইসলাম কাঁচামালের ব্যবসা করে কোনো রকমে জীবিকা নির্বাহ করেন। নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামে ছোট একটি কুঁড়েঘরে তারা বসবাস করে। বাবা-মা ও তিন ভাইবোনের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। প্রায় পাঁচ কিলোমিটার দূরে হেঁটে মঈনুলকে পড়াশোনা করতে হয়েছে। স্কুলের শিক্ষক শক্তিপদ বিশ্বাস বলেন, ‘শারীরিক সমস্যা না থাকলে মঈনুল আরও ভালো ফল করত। নির্ধারিত সময়ের মধ্যে সেসব লিখে শেষ করতে পারে না। আর্থিক অনটন থাকায় আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। মঈনুলের উচ্চশিক্ষার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।’অন্যকে পড়িয়ে নিজে পড়েছে আবু বক্কর: ভ্যানচালক বাবা যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। তাই প্রাইভেট পড়িয়ে সংসারে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালিয়েছে আবু বক্কর। সে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দিনাজপুর চেরাডাঙ্গী বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। আবু বক্করের বাড়ি সদর উপজেলার সৈয়দপুর গ্রামে।চেরাডাঙ্গী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, জীবনের সঙ্গে যুদ্ধ করেও দুর্দান্ত সাফল্য পেয়েছে আবু বক্কর। আবু বক্কর জানায়, লেখাপড়া চালিয়ে যেতে যেকোনো ধরনের পরিশ্রম করতে কোনো দ্বিধা নেই তার। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়।ভোরে উঠেই কৃষিকাজ, তবু সাফল্য: সপ্তাহের বেশির ভাগ দিন অন্যের জমিতে কাজ করে পড়াশোনা করতে হয়েছে মিথুন দাসকে। এ নিরলস প্রচেষ্টা সাফল্য এনে দিয়েছে তাকে। বিজ্ঞান বিভাগে ফরিদপুর সদরের কানাইপুর ইউপির রণকাইল উচ্চবিদ্যালয় থেকে সে জিপিএ-৫ পেয়েছে।মা সন্ধ্যা রানী দাস জানান, মিথুনকে সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। পড়াশোনায় অনেক খরচ। টাকা কোথা থেকে আসবে, তা নিয়ে তিনি চিন্তিত। বাবা মনোরঞ্জন দাস জানান, মিথুন তাঁর একমাত্র সন্তান। বসতভিটেটুকু বাদে তাঁর আর কোনো সম্পদ নেই। অন্যের জমিতে তিনি ও তাঁর ছেলে কাজ করে সংসার চালাতে হয়েছে। অভাবের কারণে পরীক্ষার সময়ও ঠিকমতো খাবার তুলে দিতে পারেননি ছেলের মুখে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ ঘোষাল বলেন, ‘মিথুন নিজের চেষ্টাতেই এ অসাধ্য সাধন করেছে। আমরাও যথাসাধ্য সাহায্য করেছি।’দরিদ্র চাচার সংসারে থেকেও দমেনি স্মৃতি: মাত্র ছয় মাস বয়সেই স্মৃতি মনি ইভার বাবা মারা যান। চার বছর বয়সে মা বিয়ে করে নতুন সংসার শুরু করেন। তখন ইভার ঠাঁই মেলে মাটিকাটার শ্রমিক চাচার সংসারে। আর্থিক অনটনের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে স্মৃতি।উপজেলার শালবাহান ইউনিয়নের যোগীগছ গ্রামের বাসিন্দা ইভার চাচা মজিবর রহমান বলেন, ‘নিজের অভাবের সংসার। তার ওপর অসহায় এই মেয়েকে পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়েছে। স্মৃতিও অনেক কষ্ট করেছে। অনেক দিন না খেয়ে থাকতে হয়েছে। এর পরও ভালো ফল করবে, ভাবতে পারিনি। স্মৃতি বলে, ‘চাচা-চাচির ভালোবাসা, স্কুলের শিক্ষক ও এলাকার মানুষের অনেক সহযোগিতা পেয়েছি।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, সুমনকুমার দাশ, সিলেট; কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও); কার্ত্তিক দাস, নড়াইল; আসাদুল্লাহ্ সরকার, দিনাজপুর; পান্নাবালা, ফরিদপুর; শহীদুল ইসলাম, পঞ্চগড়।]