রোজাতেও হরতাল, কীভাবে বাঁচব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমনিতেই ব্যবসা মন্দা থাকে। রোজার মাসের জন্য অপেক্ষা করি। এখন রোজাতেও হরতাল। তা-ও আবার টানা চারদিন। কীভাবে বাঁচব?’
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে সানগ্লাস ও বেল্ট বিক্রেতা রাজু আহমেদের হাহাকারে সায় দেন আশপাশের ব্যবসায়ীরাও।
এই ব্যবসায়ীরা জানান, গত কয় দিনের হরতালের ফলে একদিকে যেমন ক্রেতা নেই, অন্যদিকে কারখানা থেকে প্রয়োজনীয় মালামালের সরবরাহও বন্ধ। ফলে দু-একজন ক্রেতা যাও-বা দোকানে আসেন, মালামাল কম থাকাতে তাঁরাও ফিরে যাচ্ছেন। হরতালের এ প্রভাব নিউমার্কেট, চাঁদনি চক, এলিফ্যান্ট রোড এমনকি বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও পড়েছে। হরতাল বন্ধের দাবিতে তাঁরা বিক্ষোভ করবেন বলেও জানান।
গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেল, হরতালের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। হাতিরপুল কাঁচাবাজার থেকে প্রায় রেগেমেগে বেরিয়ে আসেন মুমতাহিনা রাফি। তিনি জানান, সব ধরনের শাকসবজির দাম কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা বাড়তি। মাছের কেজিতে দাম বাড়তি ৫০ থেকে ৮০ টাকা। হরতালের অজুহাতে সবাই দাম বাড়িয়ে দিয়েছে। প্রায় একই ধরনের চিত্র রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার, মালিবাগ কাঁচা বাজার, শান্তিনগর কাঁচাবাজার, তালতলা কাঁচাবাজার ও খিলগাঁও বাজারের। বিক্রেতাদের দাবি, হরতালের কারণে সরবরাহ কমে গেছে, তাই বাড়তি দামে আড়ত থেকে মাল কিনতে হচ্ছে। গতকাল রাস্তায় যথেষ্ট পরিমাণে গণপরিবহন দেখা গেলেও যাত্রীর ভিড় নেই। গুলিস্তান-প্রেসক্লাব হয়ে মোহাম্মদপুর রুটের বাসের চালক মোহাম্মদ জমির বলেন, ‘সোমবার থেকে এ পর্যন্ত যাত্রীর ভাড়া দিয়ে কোনো রকমে জ্বালানির পয়সা উঠেছে, কিন্তু মালিক আমাদের বেতন দিতে পারেননি।’
হরতালের সহিংসতার ভয়, যাত্রীর কমতি সত্ত্বেও নিজের ট্যাক্সিক্যাবটি নিয়ে বেরিয়েছিলেন মো. শাহজামান। নিজের গাড়ি বলে মালিকের জমা গুনতে হয় না, কিন্তু পাঁচজনের সংসারে প্রতিদিন আড়াই শ থেকে তিন শ টাকার খরচ রয়েছে বলে জানান তিনি। যদিও বেলা দেড়টা পর্যন্ত একজন যাত্রীও পাননি তিনি। ফার্মগেট মোড়ে কথা হচ্ছিল তাঁর সঙ্গে।
ব্যাংকপাড়া মতিঝিলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভিড় থাকলেও প্রয়োজনীয় স্টাফ বাস ছাড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ভ্যান-রিকশায় চড়েই বাড়ির পথে রওনা দিতে দেখা গেছে অনেককেই। অবস্থা বুঝে ভাড়ার হারও বাড়িয়ে দিয়েছেন ভ্যান ও রিকশাচালকেরা।
হরতালের কারণে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সড়ক পথের চলাচল প্রায় বন্ধ। তাই চাপ বেড়েছে রেলের ওপর। গতকাল ভোর থেকেই রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীর চাপ হঠাৎ করেই কিছুটা বেড়েছে বলে জানালেন কমলাপুর রেলওয়ে স্টেশনমাস্টার খায়রুল বাশার।
রাজশাহীর সিল্কসিটির জন্য অপেক্ষারত মো. আশরাফুল জানান, তিনি ঢাকায় একটি কোচিং সেন্টারে ক্লাস নেন। টানা চার দিন হরতাল ও শুক্র-শনি সাপ্তাহিক ছুটির কারণে বাড়ি চলে যাচ্ছেন।
রোববার বাবার অসুস্থতার খবর পেয়েছিলেন মোহাম্মদপুরের তাহমিনা বেগম। হরতালের কারণে সোম ও মঙ্গলবার বাস চলেনি। ছিল না বিকল্প ব্যবস্থা। অবশেষে গতকাল মেলে ট্রেনের টিকিট। গতকালই খুলনায় রওনা হন তিনি।