রোজাদারদের খেদমতে মহাতাবের মেসওয়াক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ছোট বাচ্চাও কোনো ফরমায়েশ দিলে তার কাজটা করে আনন্দ পান মহাতাব উদ্দিন। এই স্বভাবের কারণে সবাই তাঁকে ফরমায়েশ করেন। সেই ছোটবেলা থেকে রমজান মাসে বাড়ির পাশের বাজারে গিয়ে বসে থাকতেন। বিকেল হলেই সবাই তাঁকে মেসওয়াক (দাঁতন) নিয়ে আসার ফরমায়েশ করতেন। সেই থেকে তাঁকে অদ্ভুত এক নেশায় পেয়ে বসে। তাঁর মনে হয়, কেউ ফরমায়েশ করার আগেই যদি তাঁর মেসওয়াকটা হাতের কাছে এনে রাখা যায়, তাহলে লোকটি আরও খুশি হবে। সেই ভাবনা থেকেই শুরু। ১৬ বছর ধরে রমজান মাসে বিকেলে মেসওয়াকের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান রাজশাহীর বিভিন্ন হাটেবাজারে। আর মানুষের কাছে বিনা মূল্যে বিলি করে বেড়ান মেসওয়াক। এতেই তাঁর আনন্দ।বাড়ি তাঁর নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর গ্রামে। বাগাতিপাড়ার সীমান্তবর্তী গ্রাম বলে তাঁর ওঠা-বসা রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন এলাকায়। মহাতাব উদ্দিনের বয়স এখন ৪৫। তিনি নর্থবেঙ্গল সুগার মিলের কৃষ্ণা খামারের নিরাপত্তা প্রহরীর চাকরি করেন। তাঁর তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন। বড় ছেলে কলেজে পড়ে, আর ছোটটি স্কুলে। সেহির খাওয়ার পর তিনি মেসওয়াক তৈরির কাজে লেগে যান। মূলত নিমগাছের ডাল দিয়ে মেসওয়াক বানান তিনি। এলাকায় নিমগাছের মালিকেরা তাঁকে মেসওয়াক বানানোর জন্য দাওয়াত করে নিয়ে যান। বিশিষ্ট ব্যক্তিদের জন্য বিশেষ মেসওয়াক তৈরি করেন তিনি। যে দিন যে এলাকায় যান, সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের জন্য ঔষধি গাছ আপাংয়ের ডালের মেসওয়াক বানিয়ে দেন। সারা দিন মেসওয়াক তৈরি করে দুপুরের পরে তিনি বেরিয়ে পড়েন। এ কাজে তাঁর স্ত্রী ও সন্তানেরা তাঁকে সহযোগিতা করেন।সম্প্রতি বাঘার আড়ানী বাজারে কথা হয় মহাতাব উদ্দিনের সঙ্গে। কাঁধে থলে আর হাতভর্তি মেসওয়াক নিয়ে তিনি বলেন, ‘বাংলার মাটিতে এক কাঠা জমি থাকলে সরকারকে কর দিতে হবে। কিন্তু আমাকে কোনো পয়সা দিতে হবে না। আমার মেসওয়াক ফ্রি। সবাই ব্যবহার করতে পারেন।’ অত্যন্ত বিনয়ী এই মানুষটি বলেন, আগে আড়ানীর হাটে ৭০০ থেকে ৮০০ মেসওয়াক নিয়ে এলে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। এবার ৪০০ থেকে ৫০০ মেসওয়াকই শেষ হচ্ছে না। তিনি আরও বলেন, গত ২৭ আগস্ট রাজশাহী শহরের সাহেববাজার বড় মসজিদে নামাজ পড়ে গেটে দাঁড়িয়েছিলেন। কয়েক মিনিটের মধ্যেই এক হাজার ২০০ মেসওয়াক শেষ হয়ে যায়।আড়ানী বাজারের ব্যবসায়ী আনজারুল ইসলাম (৩৫) বলেন, ‘বিকেল চারটা বাজার সঙ্গে সঙ্গে মহাতাবের বোল শুরু হয়ে যায়।’ তিনি জানান, দীর্ঘদিন এই হাটে তাঁকে মেসওয়াক বিলি করতে দেখছেন। কিন্তু কারও কাছ থেকে একটি টাকা চাইতে দেখেননি। পারলে তিনিই যেন মানুষকে সাহায্য করেন।বাঘা উপজেলার দীঘা কলেজের শিক্ষক গোলাম তোফাজ্জল কবির বলেন, ‘দীর্ঘদিন দীঘা বাজারে তাঁকে এভাবে মেসওয়াক বিলি করতে দেখছি। পুরো রমজান মাস তিনি রোজাদারদের মেসওয়াক দিয়ে খেদমত করেন।’