রমজান শুরুর আগে সিলেটে হকারেরা ফুটপাতের দখল নিয়েছিলেন। এবার তাঁরা গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ দখলে নিয়ে দেদার ব্যবসা চালাচ্ছেন। এভাবে রাস্তা দখল করে রাখায় নগরজুড়ে দেখা দিচ্ছে যানজট।
ফুটপাত থেকে রাস্তা—সবই ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে গেলেও সেসব উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উচ্ছেদ অভিযান পরিচালনার কথা যাঁদের, সেই তাঁরাই এখন বলছেন, ঈদের আগে হকারদের উচ্ছেদ করা হবে না।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, বন্দরবাজার, সিটি পয়েন্ট, প্রধান ডাকঘরের সম্মুখভাগ, লালদীঘিরপার, জিন্দাবাজার, আম্বরখানা এলাকাগুলো সিলেট নগরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা। রমজান শুরু হওয়ার আগে এসব এলাকার ফুটপাত বেদখল হয়ে পড়েছিল। এবার গত এক সপ্তাহের ব্যবধানে এসব এলাকার প্রধান রাস্তাগুলোর একাংশও দখল করে হকারেরা ব্যবসা করছেন।
সিলেট মহানগর পুলিশ ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৭ জুলাই জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, ওয়ার্ড কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সে সভায় হকার উচ্ছেদের বিষয়টি উত্থাপিত হলেও ঈদের আগে হকারদের উচ্ছেদ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, ৭ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশ ঈদের আগে নগরে হকার উচ্ছেদে কোনো অভিযান পরিচালনা করবে না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, ঈদের পরপরই নগরের ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে হকারদের উচ্ছেদ করা হবে।