
পবিত্র রমজান মাস আসার আগে আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হোক, সেটা চেয়েছে সরকার। নতুবা এই ইস্যুতে রোজায় ধর্মীয় গোষ্ঠীগুলো মাঠ গরম করতে পারে—এমন তথ্য ছিল সরকারের কাছে, যা সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
দলীয় ও সরকারি সূত্রগুলো বলছে, সর্বোচ্চ আদালতকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠীগুলোর আন্দোলন এড়াতে চেয়েছে সরকার। কারণ, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকার ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে শক্তি প্রয়োগের মতো পরিস্থিতিতে পড়তে চায় না। ভোটের রাজনীতি মাথায় রেখেই সরকার ভাস্কর্য সরানোর পক্ষে অবস্থান নেয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, ভাস্কর্য সরানোর বিষয়টি সরকারের এখতিয়ারে নেই। এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।
তবে সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, ভাস্কর্য সরানোর দাবিতে হেফাজতসহ ধর্মভিত্তিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো রোজায় বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। তারা ভাস্কর্য সরানোর পাশাপাশি প্রধান বিচারপতির পদত্যাগের দাবি তোলারও প্রস্তুতি নিচ্ছিল। সরকার নিজে দায়িত্ব না নিয়ে ভাস্কর্য সরানোর বিষয়টি নানাভাবে সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানায়।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, ভাস্কর্য সরানোর বিষয়টি নিয়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারবিরোধী রাজনীতি করতে পারবে না—এ ব্যাপারে সরকার অনেকটা নিশ্চিত। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলো এবং প্রগতিশীল মহল ও সাংস্কৃতিক অঙ্গনে যে প্রতিক্রিয়া হচ্ছে, তা সাময়িক বলে ভাবা হচ্ছে। আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মীয় গোষ্ঠীগুলোকে খুশি রাখতে চাইছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোক বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে প্রগতিশীল চিন্তা বেঁচে থাকবে। আগে তো আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে। জাতীয় নির্বাচনের আগে তাই অনেক বিষয় মাথায় রেখেই এগোতে হবে।
আরেকজন কেন্দ্রীয় নেতা বলেন, সংখ্যার বিচারে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার মতো লোক খুব বেশি পাওয়া যাবে না। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই নিয়ে আলোচনা চলছে। তাঁর দাবি, ৮০-৯০ শতাংশ মন্তব্য ও বিশ্লেষণ ভাস্কর্য সরানোর পক্ষে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান দাবি করেন, ‘ভাস্কর্য স্থাপন করেছেন সুপ্রিম কোর্ট, অপসারণও করেছেন তাঁরা। এখানে সরকার বা আওয়ামী লীগের কোনো বিষয় নেই। সুপ্রিম কোর্ট স্বাধীন প্রতিষ্ঠান।’
দলীয় সূত্র জানায়, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে নিয়ে গণভবনে বৈঠক করা, হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তকে পরিবর্তন ও ভাস্কর্য সরানোর বিষয়ে আওয়ামী লীগের কোনো কোনো নেতা নাখোশ। তবে দলীয় সভাপতি একটি অবস্থান নিয়ে নেওয়ার কারণে কেউ নাখোশ হওয়ার কথা প্রকাশ করার সাহস পাননি।
জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, ভাস্কর্য দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আওয়ামী লীগ সরকার অনেক ভাস্কর্য স্থাপন করেছে। তবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্যটি এ দেশের ঐতিহ্য বা সংস্কৃতির ধারক-বাহক নয়। আর জাতীয় ঈদগাহের পাশে এটি স্থাপন করা সঠিক সিদ্ধান্ত নয়। যারা এটি করেছিল, তারা দেশের ৮৫ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর অনুভূতির কথা বিবেচনা করেনি।