রোজার আগেই যানজট নাকাল বগুড়া শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের ব্যস্ততম ঝাউতলা সড়কে বেলা ১১টার চিত্র এটি। সড়কজুড়ে রিকশার দীর্ঘ জট l ছবি: প্রথম আলো
বগুড়া শহরের ব্যস্ততম ঝাউতলা সড়কে বেলা ১১টার চিত্র এটি। সড়কজুড়ে রিকশার দীর্ঘ জট l ছবি: প্রথম আলো

রোজার আগেই বগুড়া শহরের সাতমাথাকেন্দ্রিক সড়কগুলোতে যানজট পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার এ পরিস্থিতি ছিল ভয়াবহ।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক ঘুরে যানজটের এ চিত্র পাওয়া গেছে। শহরবাসী জানান, এই পরিস্থিতি কয়েক দিন ধরে চললেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শহরের কবি নজরুল ইসলাম সড়কের রেলগেট থেকে দত্তবাড়ি, স্টেশন সড়কের প্রেসক্লাব থেকে রেলস্টেশন, শেরপুর সড়কের বাণিজ্যিক কলেজ থেকে সাতানীবাড়ি-ঘোড়াপট্টি মোড় ও বড়গোলা থেকে নামাজগড়—শহরের সবগুলো সড়কেই ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে।
সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও দিনভর এসব সড়ক দাপিয়ে বেড়াচ্ছে আবর্জনাবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। গতকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সাতমাথা-তিনমাথা-স্টেশন সড়কে অবস্থান করে সেখানে অবর্ণনীয় যানজট চোখে পড়ে। প্রেসক্লাবের সামনে থেকে রেলস্টেশন পর্যন্ত ৩০০ গজ রাস্তা রিকশায় যেতে ২ মিনিটের জায়গায় লাগে ১৫ থেকে ২০ মিনিট।
যানজটের কারণ খুঁজতে গিয়ে জানা যায়, স্টেশন সড়কে রয়েছে অর্ধশত ফলের আড়ত। এসব আড়তকে ঘিরে সড়কের ওপর বছরজুড়ে বসে ফলের বাজার। আম ও লিচুর মৌসুম শুরু হওয়ায় এক মাস ধরে স্টেশন সড়কের উত্তর পাশের প্রায় পুরোটাতে এই বাজার বসছে। এতে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শহরের আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, পৌরসভার পক্ষ থেকে ফল মার্কেট করা গেলে সড়কে বাজার বসত না। কিন্তু ফল মার্কেটের জন্য জায়গা মিলছে না।
গতকাল সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বড়গোলা থেকে দত্তবাড়ি সড়ক ঘুরে দেখা যায়, যানজটে স্থবির শত শত যানবাহন। সবাই যানজটে দুর্ভোগ পোহালেও সাইদুল ইসলাম নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড়গোলা পর্যন্ত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ হলেও অটোরিকশা ও ইজিবাইকস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে ২ নম্বর রেলগেট পর্যন্ত। ট্রাফিক পুলিশ টাকা নিয়ে চালকদের এ সুযোগ করে দিয়েছে। আবার সড়কের ওপর প্রাইভেট কার ও অটোরিকশা রাখায় দত্তবাড়ি মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। রিকশাযাত্রী রাকিব হাসান বলেন, ‘থানা মোড় থেকে রিকশায় উঠেছি কালিতলার উদ্দেশে। ৪৫ মিনিট ধরে এখানে আটকে আছি। অথচ ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা নেই।’
দুপুর ১২টার দিকে সাতমাথা-শেরপুর সড়কের সাতানীবাড়ি এসআর প্লাস কাউন্টার থেকে আলতাফুন্নেছা খেলার মাঠ মোড় পর্যন্ত অর্ধশত অটোরিকশা ও ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা যাত্রী তুলছিল। জিলা স্কুলের সরু গলি থেকে জলেশ্বরীতলা জাহাজ বিল্ডিং সড়ক ছিল ইজিবাইকের দখলে।
পৌরসভা ও বিআরটিএ সূত্রে জানা যায়, শহরে বৈধ রিকশা ও অটোরিকশার সংখ্যা প্রায় ৯ হাজার। অথচ বর্তমানে চলছে প্রায় ২০ হাজার। বিআরটিএর একজন কর্মকর্তা বলেন, ক্ষমতাসীন দলের নেতারা অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতি নিয়ন্ত্রণ করায় এবং মাসোহারা দিয়ে অবৈধ অটোরিকশা চলায় পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না।
অটোরিকশা ও ইজিবাইক থেকে পুলিশের মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে ট্রাফিক পরিদর্শক (টিআই, বগুড়া জেলা) বিকর্ণ কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশা মালিক সমিতি কারা চালান, তা সবার জানা। আমরা তাঁদের কাছে অনেকটা অসহায়। ইচ্ছা করলেও অ্যাকশনে যেতে পারি না। তবে রোজার ঈদে আমরা নতুন করে ট্রাফিকব্যবস্থা ঢেলে সাজাব।’
যানজটের বিষয়ে বিকর্ণ কুমার চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশের অধিকাংশ সদস্য ইউপি নির্বাচনের দায়িত্ব পালন করতে গেছেন। ফলে সীমিতসংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে শহরের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে রোজায় শহরকে যানজটমুক্ত রাখা হবে।