
রোজা শুরুর আগেই যানজটে অতিষ্ঠ বগুড়া শহরের নাগরিকেরা। বেশির ভাগ সড়ক যানজটে স্থবির হয়ে পড়েছে।
এর মধ্যে গতকাল মঙ্গলবার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকেরা বিভিন্ন দাবি নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করায় গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুলের শিক্ষার্থীদের।
এদিকে বগুড়া পুলিশ প্রশাসন রমজান মাসে শহরের যানজট নিরসন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। গত সোমবার বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
শহরে যানজট এমনিতেই নিত্যদিনের ঘটনা। শহরের মূল সড়কে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা ঢোকার অনুমতি নেই। তার পরও ১০ টাকার বিনিময়ে এসব যানবাহন শহরে ঢুকে পড়ছে। দেখা দিচ্ছে তীব্র যানজট। রমজানে যানজট নিরসনে ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় শহরজুড়ে চার শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, রমজান মাসে শহরের যানজট নিরসনে অবৈধ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দিনের বেলা শহরে ট্রাক প্রবেশ বন্ধ ছাড়াও ফুটপাত দখল মুক্ত করা হবে। মার্কেটের নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন ছাড়াও কমিউনিটি পুলিশের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।
ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশি সহযোগিতা দেওয়া হবে। চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টি, পকেটমারদের তৎপরতা রোধ করতে টহল জোরদারের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ শহর ছাড়াও বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে। একইভাবে মহাসড়কে ডাকাতি রোধে নৈশ টহল জোরদার থাকবে।