রোজার আগেই ‘ডিজিটাল স্টাইলে’ দ্রব্যমূল্য বাড়ছে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেছেন, রোজা শুরুর আগেই ‘সরকারের মদদপুষ্ট’ ব্যবসায়ী সিন্ডিকেট ‘ডিজিটাল স্টাইলে’ দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘রমজান মাস শুরুর আগেই সরকারের মদদপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করে চলেছে। গত সাড়ে তিন বছরে এভাবে ডিজিটাল স্টাইলে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় তা মানুষের নাগালের বাইরে চলে গেছে। অথচ সরকার এ ব্যাপারে নিষ্ক্রিয়।’মওদুদ দাবি করেন, সরকারি দলের নেতারা দেশের মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করছেন না। কীভাবে নানা কৌশলে অর্থ উপার্জন করা যায়, সেই চেষ্টাতেই তাঁরা ব্যস্ত। ‘আসন্ন রমজান মাসে কর্মজীবীদের কল্যাণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ। সংগঠনের সভাপতি মোস্তফা নূরউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।বুয়েটে অচলাবস্থার জন্য সরকার দায়ী: একই আলোচনা সভায় মওদুদ আহমদ দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অচলাবস্থার জন্যও সরকার দায়ী। তিনি বলেন, বুয়েটসহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার নিজেদের সমর্থিত শিক্ষকদের উপাচার্য ও সহ-উপাচার্য পদে বসিয়েছে। ফলে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। বছরের পর বছর শিক্ষার্থীদের এর মাশুল দিতে হচ্ছে।বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে অবিলম্বে উপাচার্যকে সরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও বলেন, সরকার-সমর্থিত ভিসি নিয়োগের ফলেই বুয়েটে ছাত্র-শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কিন্তু তার পরও সরকারের টনক নড়ছে না। জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত এই মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি কাজী সাখায়াত হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিলোফার চৌধুরী প্রমুখ।