রোজার ক্লান্তি ছাপিয়ে চলছে কেনাকাটা
‘নেপাল যাবেন, ভাবনা কী! স্ক্র্যাচ কার্ড ঘষলেই পাচ্ছেন নেপাল ভ্রমণের রিটার্ন টিকিট, আজই আসুন...’ বিজ্ঞাপনের মোহময় আহ্বান।
মার্কেটের ভেতরে প্রচারণা চলছে বিরামহীন। রমজানের শুরু থেকেই অয়োজন করা হয়েছে ‘ঈদ বিক্রয় উৎসব।’ আর এ উপলক্ষে চট্টগ্রামের নাসিরাবাদ মিমি সুপার মার্কেট সেজেছে নতুন সাজে। দোকানগুলোতে শোভা পাচ্ছে নিত্যনতুন জামাকাপড়, জুতা, তৈরি পোশাক ও গয়নার সম্ভার।
নগরের পাঁচলাইশ থেকে আসা ইশরাত জাবীন জানান, ‘লেটেস্ট ডিজাইনের জামাকাপড়ের কালেকশন বেশি থাকে বলে এখানে এসেছি।’
গত শনিবার সকাল থেকেই মিমি সুপার মার্কেটে ছিল উপচে পড়া ভিড়। মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য আবুল হান্নান আকবর বলেন, ‘আমরা বিক্রয় উৎসবে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে মূল্যছাড় (ডিসকাউন্ট) দিচ্ছি। স্ক্র্যাচ কার্ডগুলোর মধ্যে একটিতে “মিমি”, অপরটিতে “সুপার” এবং অন্যটিতে “মার্কেট” লেখা রয়েছে। কেউ যদি এ তিনটি একসঙ্গে পেয়ে যান তবে তাঁকে নেপাল ভ্রমণের টিকিট দেওয়া হবে।’
মিমি সুপারের পাশেই আফমি প্লাজা। এখানে ঢাকার ১০টি বুটিক হাউস নিয়ে গড়ে ওঠা ‘দেশি দশে’র বিক্রয়কেন্দ্রে ক্রেতার চাপ বেশি ছিল। ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, থ্রি-পিস, লুঙ্গি, টুপি, গয়না, ঘর সাজানোর নানা উপকরণ রয়েছে এগুলোতে। রঙের সাইফুল ইসলাম জানান, ‘ঈদ উপলক্ষে আমাদের প্রায় ৬০ শতাংশ নতুন ডিজাইনের জামাকাপড় এসেছে ইতিমধ্যে। কিছুদিনের মধ্যে বাকিগুলোও এসে পড়বে। তা ছাড়া প্রতি সপ্তাহেই আসছে নতুন জামাকাপড়।’
থানকাপড়, থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, প্রসাধনীর পাইকারি বিপণিকেন্দ্র হিসেবে খ্যাত টেরিবাজারে গিয়ে দেখা যায়, রাস্তায় জনজটের সৃষ্টি হয়েছে। আশপাশের বিভিন্ন বিক্রয়কেন্দ্রকে ঘিরে ক্রেতারা ছুটছেন। এখানে বৈঠক বাজার, মাসুম ক্লথ স্টোর, মনে রেখো প্রভৃতি বিক্রয়কেন্দ্রে ক্রেতার আনাগোনা বেশি চোখে পড়ে। ‘মনে রেখো’র মালিক আমজাদ হোসেন বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রেতার চাপ বেশি দেখা যাচ্ছে। সাধারণত ১০ রমজানের পর থেকেই দিন-রাতে সমানে আসতে থাকেন ক্রেতা।’
একই কথা বললেন নিউমার্কেটের ব্র্যান্ড শপ ‘রেভলনে’র মালিক মো. জাহাঙ্গীর। বলেন, এখনো দিনের বেলাতেই কেনাকাটা হচ্ছে বেশি। ঈদ উপলক্ষে তাঁরা এবার প্রথমবারের মতো বিভিন্ন পোশাকের কাতারে পাঞ্জাবি সংযোজন করেছেন।
নিউইয়র্কপ্রবাসী সাথী আখতার কেনাকাটার জন্য আসেন নগরের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে। বলেন, ‘আমি দুই দিন পরই নিউইয়র্কে চলে যাব। তাই এখানে এসেছি ছেলেমেয়ে এবং আমার জন্য দেশীয় ডিজাইনের জামাকাপড় কিনতে।’
সেন্টারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ‘আমরা ঈদ বিক্রয় উৎসব উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার ওপর কুপন দিচ্ছি। এতে মোটরসাইকেল, ফ্রিজ, ডায়মন্ডের লকেট ইত্যাদি পুরস্কার থাকছে। ঈদের পর ড্র অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতি শুক্রবার লটারির মাধ্যমে ক্রেতাদের জন্য নগদ (ক্যাশ) মূল্যের উপহারের ব্যবস্থা রয়েছে।’
ঈদ উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকার কাছাকাছি হকার্স মার্কেটেও ছুটে যাচ্ছেন ক্রেতারা।