রোজার শুরু থেকে ছয়টি খাদ্যপণ্য ন্যায্য মূল্যে বিতরণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের মালিক ও শ্রমিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রমজানের প্রথম সপ্তাহ থেকে নিত্যপ্রয়োজনীয় ছয়টি খাদ্যদ্রব্য ন্যায্যমূল্যে বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম মন্ত্রণালয় খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে গত বুধবার এ বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে। চাল, ডাল, লবণ, চিনি, গুঁড়াদুধ ও সয়াবিন তেল—এ ছয়টি খাদ্যদ্রব্য ন্যায্যমূল্যে বিতরণ করা হবে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের ন্যায্যমূল্যে চাল সরবরাহ করার উদ্যোগ নিতে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বিজিএমইএ ও বিকেএমইএকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পোশাকশ্রমিকেরা একেকজন ২৪ টাকা কেজি দামে পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। পোশাকশিল্প কারখানাগুলোতে কত শ্রমিক রয়েছে, তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে। অন্যদিকে বাকি পাঁচটি খাদ্যদ্রব্য শ্রমিকদের সুলভ মূল্যে সরবরাহ করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশনের (টিসিবি) সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয় সূত্র। এ বিষয়ে জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার গতকাল প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা যে বেতন পান তা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই খরচ হয়ে যায়। তাই তাঁদের চাপ কিছুটা কমাতে রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। এ ছাড়া পোশাকশ্রমিকেরা যাতে কম ভাড়ায় বসবাস করতে পারেন, সে জন্য জেলা প্রশাসকদের বাড়িভাড়া আইন কার্যকর করার কথা বলেছি।’শ্রমসচিব জানান, ১৯ জুলাই মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে শ্রমিকদের ঈদের আগে বেতন ও বোনাস দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে। একটি সূত্র বলেছে, গুদাম খালি করতেই পোশাকশ্রমিকদের কম দামে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য বিভাগের গতকালের প্রতিবেদন অনুযায়ী, সরকারি গুদামে এখন ১২ দশমিক ৬৪ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। অভ্যন্তরীণ বাজার থেকে আরও ১০ লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গুদামে এ চাল রাখার জায়গা নেই। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চালের দাম নিয়ে বিজিএমইএ ও খাদ্য মন্ত্রণালয়ের মধ্যে মতান্তর আছে। এ নিয়ে উভয়ের মধ্যে চিঠি চালাচালি চলছে। বিজিএমইএ বলছে, কেজিতে বাজার দরের চেয়ে কমপক্ষে চার-পাঁচ টাকা কমে তাদের চাল দিতে হবে। তা না হলে শ্রমিকদের কোনো উপকার হবে না। কিন্তু খাদ্য মন্ত্রণালয় বলছে, সরকার ওএমএসে চাল বিক্রি করে ২৪ টাকা কেজি দরে। পোশাকশ্রমিকদের এর চেয়ে কম দামে দিলে ওএমএসের চালের দামও কমাতে হবে। এ ছাড়া আগস্ট, সেপ্টেম্বরের দিকে চালের দাম সাধারণত বাড়তির দিকে থাকে। এখন দাম কমানো হলে চালের দামের পার্থক্য হবে অনেক।তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, দু-এক দিনের মধ্যে চালের দাম নির্ধারিত হয়ে যাবে। বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এ বিষয়ে বলেন, ‘সরকার স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য ভিজিএফ, ভিজিডি ও ওএমএসসহ নানা সুবিধা দিচ্ছে। তাহলে পোশাক কারখানার শ্রমিকদের কেন স্বল্পমূল্যে রেশন সুবিধা দেবে না?’ গত শুক্রবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ বাজারদরের সঙ্গে সংগতি রেখে আসন্ন রমজান থেকে শ্রমিকদের মহার্ঘভাতা প্রদান, রেশন ব্যবস্থা চালু, থাকার জন্য ডরমিটরি নির্মাণ, অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিসহ নয় দফা দাবি জানিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছর আগে পোশাকশিল্পের ৪০ লাখ শ্রমিকের জন্য নিয়মিতভাবে রেশন সুবিধা চালুর ঘোষণা দিয়েছিলেন।