রোজায় কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে: কৃষিমন্ত্রী
পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে বলে কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের সময়োপযোগী ও ত্বরিত পদক্ষেপের ফলে ইতিমধ্যে তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।
আজ বুধবার বিকেলে কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ে কাউকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা অস্থিতিশীলতা সৃষ্টি ও ফায়দা লুটার কথা ভাবছে ও অপচেষ্টা করছে, তারা চরম হতাশ হবে।
আব্দুর রাজ্জাক বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশে খাদ্যঘাটতি দেখা দেয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশে ৪০ লাখ টন খাদ্যঘাটতি ছিল। আওয়ামী লীগের পরবর্তী পাঁচ বছরে ২৬ লাখ টন খাদ্য উদ্বৃত্ত ছিল। কিন্তু বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ছয় লাখ টন খাদ্যঘাটতি দেখা দেয়।
জনগণের সমর্থন নিয়ে বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য করে কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষকে বিএনপি বিশ্বাস করে না। যাকে দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হোক, তারা তা মানবে না ও নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচনে জিতবে, এ নিশ্চয়তা দিলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।