রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি এফএক্সবির
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন বাংলাদেশ (এফএক্সবি/মুক্ত প্রকাশ) নামের একটি নেটওয়ার্ক।
বাংলাদেশের গণমাধ্যম অধিকার রক্ষায় কাজ করা এই নেটওয়ার্কের পাঠানো বিবৃতিতে বলা হয়, দেশের সবচেয়ে বড় স্বাধীন সংবাদপত্র প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মোবাইল ফোন ও প্রেস কার্ড ছিনিয়ে নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর দেহ তল্লাশি করেছে। তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে গ্রেপ্তার এবং কারাবন্দী করেছে। এসব তাদের ক্ষমতা প্রদর্শনের নামান্তর মাত্র।
এ ঘটনায় এফএক্সবি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দাবি করেছে।
এফএক্সবির বিবৃতিতে বলা হয়, দমনমূলক অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩, ডিজিটাল সুরক্ষা আইন, ২০১৮ উভয়ই বাতিল করতে হবে, যা তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিরোধী এবং মতপ্রকাশের স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহি হ্রাস করে।
বিবৃতিতে সই করেছেন পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দা আইরিন জামান, আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল, ইস্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের প্রতিনিধি খায়রুজ্জামান কামাল, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের প্রতিনিধি মইনুল ইসলাম খান, ফ্রন্টলাইন ডিফেন্ডার্সের প্রতিনিধি সাঈদ আহমেদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সদস্য আহমদ উল্লাহ, সিসিডি বাংলাদশের পরিচালক জি এম মর্তুজা ও রিপোটার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদক সেলিম সামাদ।