রোজিনাকে গ্রেপ্তার দুর্নীতির বিরুদ্ধে সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলা হয় রোজিনা ইসলামকে
ফাইল ছবি

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণু বা জিরো টলারেন্স নীতির সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এ ঘটনা দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতি করার ক্ষেত্রে আরও বেপরোয়া ও ভয়হীন করে তুলবে।

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তার প্রসঙ্গে দুর্নীতিবিরোধী সাংবাদিক সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনাকে উদ্বেগজনক এবং মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন র‌্যাক সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ। র‍্যাকের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেসমিন আরা মলি।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য সচিবের নেতৃত্বে তাঁর দপ্তরে প্রজাতন্ত্রের কয়েকজন কর্মচারী দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে নির্যাতন, হয়রানি ও হেনস্তার পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পুলিশে হস্তান্তর এবং গভীর রাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর ওপর হামলা ও নির্যাতনের যে চিত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তাতে পরিষ্কার করে বলা যায়, রোজিনা ইসলামের দুর্নীতিবিরোধী সাংবাদিকতার ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীরা ব্যক্তিগতভাবে অবৈধ লাভ থেকে বঞ্চিত হয়েছেন বলেই এমন ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলা পরিচালনা করেছেন।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাগামহীন দুর্নীতি, নিয়োগে অনিয়ম, কোভিডকালীন কেনাকাটায় দুর্নীতি, অনিয়মসহ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে রোজিনা ইসলাম যে সংবাদগুলো প্রকাশ করেছেন, এ কারণেই তিনি এমন ভয়াবহ নির্যাতনের শিকার। এ ঘটনায় কোনোভাবেই স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিব দায় এড়াতে পারেন না।

নেতারা আরও বলেন, রোজিনা ইসলামকে গ্রেপ্তার হয়রানি শুধু ব্যক্তি রোজিনার ওপরই হামলা নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর হামলা।

রোজিনা ইসলামের ওপর এ হামলা, মামলা, গ্রেপ্তার মানবাধিকারেরও চরম লঙ্ঘন।
সংগঠনটির নেতারা অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের শর্তহীন মুক্তি, তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁকে নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।