নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নির্যাতনের শিকার গৃহবধূ রোজিনা আক্তারের খোঁজ নিয়েছে স্বরাষ্ট্র এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার কেন্দুয়া থানায় মামলা হয়েছে। এতে রোজিনার স্বামী সুমন মিয়া, শাশুড়ি রেহেনা আক্তার, ননদ পারুলসহ চারজনকে আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের কাছে ফোন করে রোজিনার (১৯) শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত বিষয়ে খোঁজ নেওয়া হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনে রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমও প্রথম আলোকে বলেন, রোজিনা আশঙ্কা মুক্ত। তবে সুস্থ হতে আরও সময় লাগবে। মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলা প্রশাসক (এডিএম) মো. আবদুর রহিম, ইউএনও মোহামঞ্চদ রেজাউল করিম ও নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরীফুল ইসলাম রোজিনাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তাঁরা প্রশাসনের পক্ষ থেকে রোজিনাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। যৌতুকের দাবিতে গৃহবধূ রোজিনার ওপর তাঁর শ্বশুরবাড়ির লোকজন অমানুষিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘হাত-পা বেঁধে পাথর চাপা দিয়ে মারধর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ গতকাল বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।