রোজিনার হেনস্তাকারী আমলাদের চাকরিচ্যুত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা
ছবি: শুভ্রকান্তি দাশ

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নামে করা মামলা প্রত্যাহার এবং সংবিধান পরিপন্থী অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। একই সঙ্গে যাঁরা হেনস্তা করেছেন, সেই সব দুর্নীতিবাজ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে তাঁরা এসব দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির তথ্য প্রকাশ করায় সাংবাদিক রোজিনা ইসলামের নামে মামলা হয়। আমরা বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলার নামে মামলা দিন। তাঁদের চাকরি থেকে অপসারিত করুন।’

ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টকে সংবিধানের চেতনা পরিপন্থী আইন আখ্যায়িত করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, অবিলম্বে এই দুটি আইন বাতিল করতে হবে। সরকারের চুরি-দুর্নীতি জায়েজ করার জন্য আজ তারা নিবর্তনমূলক কালো আইন, দমনমূলক আইন প্রয়োগ করছে। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশকে বেপরোয়া ক্ষমতা দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিল করতে হবে।

সাংবাদিক রোজিনা ইসলামের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক সমাবেশে বলেন, সরকার আজকে যেকোনো অনুসন্ধানী সাংবাদিকতাকে ভয় পায়, সত্য প্রকাশকে ভয় পায়, সাধারণ তথ্য মানুষ জানতে পারবে, সেটাকে তারা ভয় পায়।

সরকার সংবাদমাধ্যমের টুঁটি চেপে ধরেছে অভিযোগ করে বামপন্থী নেতা সাইফুল হক বলেন, আন্দোলনের মুখে রোজিনা মুক্ত হয়েছেন, গণমাধ্যম কি মুক্ত হয়েছে? গণমাধ্যম মুক্ত হয়নি। সংবাদপত্রগুলোকে সিধা করার জন্য তাদের তারা নানাভাবে নিয়ন্ত্রণ করে। বিজ্ঞাপন বন্ধ করে দেয়। টুঁটি চেপে ধরে। আর টেলিভিশনসহ নানা মাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই সরকার সত্য প্রকাশকে ভয় পায়। সাধারণ তথ্য প্রকাশকে পর্যন্ত ভয় পায়।

সমাবেশে বামপন্থী নেতারা বলেন, পররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন আগে সাক্ষাৎকারে বলেছেন, কানাডার বেগমপাড়ায় কারা বিনিয়োগ করেন? কারা বাড়িঘর করেন? পররাষ্ট্রমন্ত্রী নিজে সাক্ষ্য দিয়েছেন, আমলাদের অংশগ্রহণ নাকি সব থেকে বেশি। আজকে আমলারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে চুরি, দুর্নীতি করে দেশের লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করছে। এসব দুর্নীতিবাজ আমলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক আবদুস সাত্তার, গণসংহতি আন্দোলনের সম্পাদক বাচ্চু ভুইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, নগর বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।