রোটাভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে রোটাভাইরাসজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে প্রায় এক হাজার ৩০০ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হয়েছে। এসব রোগীর অধিকাংশই চাঁদপুরের বিভিন্ন উপজেলার। এ ছাড়া পাশের জেলা কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর থেকেও রোগী আসছে। ৭০ শয্যাবিশিষ্ট মতলবের ওই ডায়রিয়া হাসপাতালে অতিরিক্ত চাপ থাকায় অনেক রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়।রোগীর অভিভাবকদের মধ্যে চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের বাসিন্দা শান্তি খান বলেন, ‘চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চেয়ে মতলবের এ হাসপাতালে অনেক ভালো চিকিৎসা হয়। তাই এখানে আমার ছেলেকে চিকিৎসা করাচ্ছি।’শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা থেকে আসা আবুল কাশেম বলেন, ‘অনেক দূরে হলেও ভালো চিকিৎসা হয় জেনেই এ হাসপাতালে এসেছি। আমার ছেলে এক দিনেই ভালো হয়ে গেছে।’মতলব আইসিডিডিআরবি হাসপাতালের প্রধান চিকিৎসক আল ফজল খান বলেন, শীতের আগে প্রতিবছর রোটাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে থাকে। এবার অন্য বারের চেয়ে অনেক বেশি রোগী আসছে। তাদের স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে।