রোটারির প্রথম নারী গভর্নর সাফিনা রহমান
বাংলাদেশে রোটারি ক্লাবের নতুন ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন সাফিনা রহমান। রোটারির ইতিহাসে এই প্রথম বাংলাদেশে কোনো নারী গভর্নর নির্বাচিত হলেন। গতকাল শনিবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশের সব রোটারি ক্লাবের সম্মেলনে সাফিনা ২০১৪-১৫ সালের জন্য ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে নির্বাচিত হন। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী ডিস্ট্রিক্ট সম্মেলন উদ্বোধন করেন। নবনির্বাচিত গভর্নর সাফিনা ২০০২ সাল থেকে রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের সদস্য হিসেবে রোটারির সঙ্গে সম্পৃক্ত হন এবং মানবসেবায় ব্রতী রোটারিতে সুখ্যাতি অর্জন করেন। এ ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিকভাবে রোটারিয়ানদের সর্বোচ্চ সম্মান ‘সার্ভিস এবাভ সেলফ’ পদকে ভূষিত হন। পেশাগত জীবনে সাফিনা পোশাকশিল্পের অন্যতম রপ্তানিকারক। রোটারি আন্দোলনের পাশাপাশি তিনি বিজিএমইএ, ডিসিসিআই, গ্লোবাল উইমেন সামিট, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, এলামনাই ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রাম, ফিউচার লিডার ফোরাম ফাউন্ডেশনসহ অসংখ্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। বিজ্ঞপ্তি।