প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের প্রয়োজনে রোটারিয়ানদের সেবা-দানের প্রশংসা করে বলেছেন, তাদের প্রতিটি মহৎ কাজ অন্যদের জন্য উৎসাহব্যঞ্জক এবং জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি প্রচেষ্টায় যথেষ্ট সহায়ক।গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সম্মেলন-২০১২-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রদান, শিশু ও প্রতিবন্ধীদের কল্যাণ এবং বিশ্বশান্তির জন্য নিঃস্বার্থভাবে দান করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সভাপতি এ আর ইউসুফ খান, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮০-এর গভর্নর আবুল হাসনাত মো. জাকের ও সাবেক সেনাপ্রধান রোটারিয়ান হারুন-অর রশিদ বক্তৃতা করেন।দেশের সব পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান, জমিদার ও সম্পদশালী ব্যক্তিদের উৎসাহ ও অর্থে গড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দাতব্য চিকিৎসালয়, পাঠাগার, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা সবই হয়েছে দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায়।প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ১০৭ বছর আগে ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠিত হয় এবং দীর্ঘ পথ পরিক্রমায় এ মহান ব্রত আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তিনি সরকারের পোলিও নির্মূল কর্মসূচি ও চক্ষুশিবির সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে রোটারিয়ানদের অবদানের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারের গণতান্ত্রিক শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ প্রচেষ্টায় রোটারিয়ানদের সহযোগিতা কামনা করেন।