রোটার্যাক্ট জেলার অভিষেক হলো টিসিবি ভবনে

রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮১, বাংলাদেশের-৩২তম রোটার্যাক্ট জেলা অভিষেক অনুষ্ঠান আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮১-এর জেলা গভর্নর রোটারিয়ান মুহাম্মদ আয়ুব। আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব রোটারিয়ান এম. এ করিম।
অনুষ্ঠানে ২০১৬-১৭ রোটারি বর্ষে যারা জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবেন তাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার সদ্য অতীত সভাপতি নতুন বছরের সভাপতি রোটার্যাক্টর এম. মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সম্পাদক রোটার্যাক্টর তিতাস সাহা।
রোটারি একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন যারা পোলিওমুক্ত বিশ্ব গড়ার জন্য সুপরিচিত। এ ছাড়াও তারা যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। নেতৃত্বের বিকাশ, বিশ্বব্যাপী সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা এই সংগঠনের মূল লক্ষ্য।