পটুয়াখালী-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলে রোটেশন পদ্ধতি বাতিলের দাবিতে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গতকাল মঙ্গলবার সকালে লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএর পটুয়াখালী কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে।মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শফিকুর রহমান চান, সাবেক সভাপতি ফজলে আলী খান, গোলাম মোস্তফা তালুকদার ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি। বক্তারা বলেন, লঞ্চমালিকেরা বেশি লাভের আশায় সিন্ডিকেট করে রোটেশন পদ্ধতিতে লঞ্চ চালানোয় এক দিকে যেমন যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে; অন্যদিকে ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। আর ব্যবসায়ীদের মালামাল পরিবহনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি গোলাম মোস্তফা তালুকদার বলেন, লঞ্চমালিকেরা বেশি লাভের আশায় সিন্ডিকেট করে রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলানো শুরু করায় যাত্রীরা তাঁদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ব্যবসায়ীরাও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, লঞ্চ চলাচলের অনুমতি ও সময় নির্ধারণ করে বিআইডব্লিডিটিএ। কিন্তু এখানে লঞ্চমালিক পক্ষের নির্ধারিত সময় অনুযায়ী লঞ্চগুলো চলাচল করছে। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও মালামাল পরিবহনকারী ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, ‘রোটেশন পদ্ধতির বিষয়টি নিয়ে দুবার লঞ্চমালিক সমিতির সঙ্গে আলোচনা করেছি। কিন্তু মালিক সমিতির কাছ থেকে এ ব্যাপারে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ এ ব্যাপারে চেষ্টা করেও লঞ্চমালিকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।