ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন-প্রথা বাতিলের দাবিতে গতকাল বুধবার বিকেলে কীর্তনখোলা নদীতীরে বরিশাল নৌবন্দর এলাকায় মানববন্ধন হয়েছে। বরিশাল লঞ্চ রোটেশন-প্রথা প্রতিরোধ কমিটির এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেয়।মানববন্ধন চলাকালে প্রতিরোধ কমিটির আহ্বায়ক সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের প্রায় এক কোটি মানুষকে জিম্মি করে লঞ্চমালিকেরা অবৈধভাবে এই রোটেশন-প্রথা চালু রেখেছেন। এতে ব্যবসায়ীরা ফায়দা লুটছেন। আর চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। প্রতিশ্রুতি অনুযায়ী, এই রোটেশন-প্রথা বাতিলে উদ্যোগ নিতে নৌমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা।বক্তারা আরও বলেন, ‘আমরা রোটেশন-প্রথা বাতিলের ব্যাপারে নৌমন্ত্রী শাজাহান খানের আশ্বাসের বাস্তবায়ন দেখতে চাই। এ জন্য আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। ওই দিন রোটেশন-প্রথা বাতিল করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’২০০৬ সালের মাঝামাঝি সময় গিয়াস উদ্দিন আল মামুন প্রভাব খাটিয়ে ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন-প্রথা চালু করেন। ফলে বেশ কিছু লঞ্চ ঢাকা ও বরিশালে থাকা সত্ত্বেও দিনে মাত্র তিনটি করে লঞ্চ চলতে পারে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল হাসান খান, নারী নেত্রী পুষ্প গুহ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম, গণফোরামের জেলা আহ্বায়ক হিরণ কুমার দাস প্রমুখ।