চলতি বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে তুলে ধরতে ‘রোড টু ডারবান’ পরিকল্পনা তৈরি করতে হবে। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কপ-১৬: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন।মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ভূমিকার পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতে বৈঠকটির আয়োজন করা হয়। বাংলাদেশ উন্নয়ন পরিষদ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিস (সিএনআরএস) যৌথভাবে এর আয়োজন করে।বৈঠকে জাতিসংঘে জলবায়ু পরিবর্তন বিষয়ে সমঝোতাকারী বাংলাদেশ দলের প্রধান অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জমান বলেন, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল অংশ নেওয়ার সময় দেশের অনেকেই মনে করেন, বাংলাদেশ হয়তো সব করে ফেলবে। একে ভুল ধারণা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোকে জাতিসংঘ তহবিলে অগ্রাধিকার দেওয়াসহ উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই চাপ দেওয়া হয়েছে। অভিযোজন তহবিল থেকে সরাসরি অর্থ পাওয়াসহ বেশ কিছু সফলতাও পাওয়া গেছে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত দেশগুলোতেও দুর্যোগের পরিমাণ বেড়ে গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ক্যালিফোর্নিয়ার বন্যা এবং ইউরোপের তীব্র তুষারপাত জানিয়ে দিয়েছে, পৃথিবীর সব দেশ ঝুঁকিতে আছে। জলবায়ু তহবিলের দায়িত্ব বিশ্বব্যাংকের হাতে থাকা উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, অনেক বড় প্রকল্পের ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরও বিশ্বব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে তা আটকে দেওয়া হয়। অনেক অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা হয়।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ রোড টু ডারবান পরিকল্পনা তৈরির পক্ষে মত দিয়ে বলেন, সেই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। জাতিসংঘ সম্মেলনে সমঝোতার ক্ষেত্রে ২০০৭ সাল থেকে কাজ করা দলটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। উন্নয়ন সহযোগীদের অর্থায়নে তৈরি করা ১১৩ মিলিয়ন ডলারের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজেলিয়ানস ফান্ড প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে এই তহবিলের অর্থ ছাড় করা হবে।জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) সহকারী আবাসিক পরিচালক আমিনুল ইসলাম বলেন, সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনের আলোকে প্রণয়ন করতে হবে। এ ছাড়া আরও বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধি মিজান আর খান, কনসার্ন ওয়াল্ড ওয়াইড বাংলাদেশের আবাসিক পরিচালক এ কে এম মুসা ও সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী।