রোড পারমিট, ফিটনেস নিয়ে যান মালিকদের হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোড পারমিট, ফিটনেস সনদ, টেক্সটোকেন, ডিজিটাল নম্বরে রূপান্তর, মালিকানা পরিবর্তন নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন ট্রাক, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের মালিকেরা।
চট্টগ্রাম নগরের ব্র্যাক, ইস্টার্ন (ইবিএল) এবং সাউথইস্ট ব্যাংকের সীমিত কয়েকটি শাখার মাধ্যমে ফি জমা দিতে গিয়ে প্রতিদিন হয়রানির শিকারা হচ্ছেন তাঁরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা জমা দিতে পারছেন না। তিন-চার দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। কারণ ব্যাংকগুলো কখনো প্রিন্টারের কাগজ, নেটওয়ার্ক সমস্যার অজুহাত দেখিয়ে তাঁদের ফিরিয়ে দিচ্ছে। আর এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পেরে তাঁরা পুলিশি হয়রানি এবং মামলায় জড়িয়ে পড়ছেন।
গত সোমবার সকালে সরেজমিনে নগরের আগ্রাবাদ, অলংকার মোড়, বড় পোল, জুবিলি রোড এলাকার বিভিন্ন ব্যাংকের সামনে গিয়ে পরিবহন মালিকদের ভোগান্তির চিত্র ধরা পড়ে। তাঁরা এসেছেন সম্প্রতি যানবাহনের জরিমানা মওকুফ করা এবং নিয়মিত ফি জমা দিতে।
নগরের আগ্রাবাদ ইবিএল ব্যাংক শাখার সামনে দাঁড়িয়ে থাকা সদরঘাট ট্রাকচালক সমিতির সাবেক সভাপতি নেজাম উদ্দিন বলেন, ‘ট্রাকের ফিটনেস সার্টিফিকেটের টাকা জমা দিতে এসে ব্যাংকে ঘোরাঘুরি করছি কয়েক দিন ধরে। বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্যাংক কর্তৃপক্ষ হঠাৎ লেনদেন বন্ধ করে দিলে আবার পরদিন আসতে হচ্ছে।’
আগ্রাবাদ ব্র্যাক ব্যাংকের সামনে অপেক্ষায় থাকা চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন জানান, পাঁচ দিন ধরে তিনি সিএনজি অটোরিকশার ফিটনেস এবং রোড পারমিটের জন্য ব্যাংকে আসা-যাওয়া করছেন। এদিকে কাগজপত্রের জন্য পুুলিশি হয়রানি হতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে, প্রযুক্তিগতভাবে (ডিজিটালি) গাড়ির নম্বর পরিবর্তন প্রক্রিয়া শুরু হওয়ায় প্রকৃত গাড়ির মালিকেরা হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, একসময় বিআরটিএর এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ লোকজনের যোগসাজশে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় একই চেসিস নম্বরের একাধিক গাড়ি নথিভুক্ত হয়। সেগুলো এখন প্রযুক্তিগত প্রক্রিয়ায় শনাক্ত হওয়ায় প্রকৃত মালিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
নগরের পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকার ট্রাক মালিক আবু বকরের অভিযোগ, গাড়ির নম্বর ডিজিটাল রূপান্তরের পর ফিটনেসের জন্য চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে আবেদন করা হলে তাঁকে একই চেসিসের আর কয়েকটি গাড়ি রাস্তায় চলছে বলে জানানো হয়।
যানবাহন মালিকদের ভোগান্তি প্রসঙ্গে বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক পণ্য পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ আবু মোজাফ্ফর বলেন, ‘আমি এ ধরনের বেশ কিছু অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমরা সমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসব।’
বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. জামাল উদ্দিন এসব অনিয়মের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকে ফি জমা দিতে গিয়ে পরিবহন মালিকদের ভোগান্তির বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দিয়েছি। ডিজিটাল প্রক্রিয়ায় বিভিন্ন গাড়ি নিয়ে বিভ্রান্তির কারণে এগুলো কম্পিউটারে ব্লক করে রাখা হয়েছে। আমরা এখন সরেজমিনে গাড়ি এবং এর বৈধ কাগজপত্রের ভিত্তিতে ফিটনেস সনদ, রোড পারমিট দিচ্ছি।’