রোডমার্চ ঘিরে ফেনীতে বিএনপির কোন্দল চাঙা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোডমার্চ কর্মসূচিকে ঘিরে ফেনী জেলা বিএনপির পুরোনো কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। গত চার দিনে অন্তত পাঁচটি অভ্যন্তরীণ সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।রোডমার্চ কর্মসূচির প্রধান সমন্বয়ক এম কে আনোয়ারসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত বুধবার রাতে ফেনী সার্কিট হাউসে বিএনপির সমন্বয় সভায় স্থানীয় নেতাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তা বন্ধ হয়।গত চার দিনে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও কাজিরবাগ, দাগনভূঁঞার তুলাতলী, কোরেশমুন্সি ও দরবেশের হাট এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পৃথক পাঁচটি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। দলীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার দুটি সংঘর্ষে লিপ্ত দুই পক্ষের মধ্যে এক পক্ষ স্থানীয় সাংসদ জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) এবং অপর পক্ষ জেলা বিএনপির সভাপতি সাইদ এস্কান্দারের অনুসারী হিসেবে পরিচিত।ভিপি জয়নালের দাবি, এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব সংঘর্ষ হচ্ছে। এর সঙ্গে জেলা বিএনপির পুরোনো দ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারে সাইদ এস্কান্দারের বক্তব্য পাওয়া যায়নি। তিনি গতকাল পর্যন্ত ফেনী আসেননি। তাঁর অনুসারী হিসেবে পরিচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেছেন, বড় দলে এমন কিছু বিরোধ থাকেই। তিনি দাবি করেন, এসব সংঘর্ষের সঙ্গে সাইদ এস্কান্দার ও ভিপি জয়নালের বিরোধের কোনো সম্পর্ক নেই। জিয়া উদ্দিন বলেন, রোডমার্চের কর্মসূচির পর এসব সংঘর্ষের ঘটনা নিয়ে দলে আলোচনা ও ব্যবস্থা নেওয়া হবে।গত বুধবার, বৃহস্পতি ও শুক্রবার দাগনভূঁঞা উপজেলার কোরেশমুন্সি, তুলাতলী ও দরবেশের হাট এলাকায় সংঘর্ষ হয়েছে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের অনুসারীদের মধ্যে। আকবর হলেন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই। আর শাহাদাৎ ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঁঞা) সাংসদ মোশাররফের সমর্থক।শাহাদাৎ দাবি করেন, দলের প্রতিপক্ষ তাঁর লোকদের নাজেহাল করতে এসব হামলা করেছে। আর আকবর হোসেন দাবি করেন, এসব হামলার পেছনে বিএনপিতে ঘাপটি মেরে থাকা সরকারি দলের অনুচরদের ইন্ধন রয়েছে।ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরের সালাম গতকাল শনিবার ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, রোডমার্চ উপলক্ষে প্রচারকাজের সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজীর নেতৃত্বে হামলা হয়। এতে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি পেয়ার আহম্মদ উপস্থিত ছিলেন। পেয়ার আহম্মদ স্থানীয় সাংসদ ভিপি জয়নালের অনুসারী হিসেবে পরিচিত। আর শাহজাহান সিরাজী হলেন সাইদ এস্কান্দারের অনুসারী। দীর্ঘদিন ধরে ফেনী বিএনপির রাজনীতিতে দুটি ধারা চলছে। এক পক্ষে আছেন ফেনী-২ আসনের সাংসদ ভিপি জয়নাল ও ফেনী-৩ আসনের মোশাররফ হোসেন। অপর পক্ষের নেতা হলেন খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দার। খালেদা জিয়া ফেনী-১ আসনের সাংসদ। মোশাররফ হোসেন ও ভিপি জয়নাল এর আগে জেলা বিএনপির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৯ সালে এই কমিটি বিলুপ্ত করে সাইদ এস্কান্দারকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি করা হয়। পরের বছর সাইদ এস্কান্দারকে সভাপতি করে তাঁর অনুসারীদের নিয়ে জেলা কমিটি গঠন করা হয়। এর পর থেকে ভিপি জয়নাল ও মোশাররফ অনুসারীরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। আজকের রোডমার্চ কর্মসূচিকে ঘিরে তাঁরা দুজন আবার সক্রিয় হয়েছেন। দলীয় সূত্র জানায়, তাঁদের সম্পৃক্ত করে ফেনীর জনসভা সফল করতে কার্যক্রম চালাতে দলের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য ভিপি জয়নাল প্রথম আলোকে বলেছেন, স্থানীয় সাংসদ হিসেবে তাঁর দায়িত্ব রয়েছে। এই তাগিদ থেকে তাঁরা নিজেরাই সবাইকে নিয়ে কর্মসূচি সফল করতে মাঠে নেমেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও বরকত উল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা এক সপ্তাহ ধরে ফেনীতে সার্বিক আয়োজন তদারক করছেন। দুই দিনের রোডমার্চ কর্মসূচিতে আজ শুধু ফেনীতে জনসভা হবে। বেলা তিনটায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই জনসভা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজ জেলার এই জনসভাকে ঘিরে বড় ধরনের জনসমাগম ঘটাতে চায় দলটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশসহ জেলা শহরের প্রতিটি সড়কে খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছে অসংখ্য তোরণ, ব্যানার ছাড়াও আশপাশের দেয়াল পোস্টারে ছেয়ে গেছে। দলের বা অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের তৈরি এসব পোস্টার-তোরণে রোডমার্চ বা খালেদা জিয়াকে স্বাগত জানানোর চেয়ে সংশ্লিষ্ট নেতার প্রচার বড় হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে এসব নেতার বিশাল ছবির কাছে খালেদা জিয়ার ছবি ম্লান হয়ে গেছে।