রোডমার্চ পরিণত হলো স্বজন ফেরানো আর্তিতে
রোডমার্চটি ছিল মানব পাচার রোধে সচেতনতা তৈরির। কিন্তু নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোডমার্চের অংশ হিসেবে যে পথসভার আয়োজন করা হয়, সেটি মানুষের স্বজন ফেরানোর আর্তিতে পরিণত হয়। সেখানে রত্না বানু, হাফেজা বেগম, রহিছা আকতার ও জয়নাল মিয়ার মতো অনেকে ছেলে, স্বামীর ছবি নিয়ে হাজির নন। স্বজনদের ফিরেয়ে আনার দাবি তাঁদের।
গতকাল শনিবার অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ও ভালোবাসি বাংলাদেশ নামে দুটি সংগঠন নৌপথে মালয়েশিয়ায় মানব পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ রোডমার্চের আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর শনির আখড়া থেকে রোডমার্চটি শুরু হয়। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর, আড়াইহাজার, নরসিংদীর মহিষাশুড়া, ভেলানগর হয়ে পাঁচদোনায় গিয়ে রোডমার্চটি শেষ হয়। ওই সব স্থানে পথসভারও আয়োজন করা হয়।
আড়াইহাজার পৌরসভা চত্বরের পথসভায় বেশ কিছুসংখ্যক স্বজনহারা ব্যক্তি এবং সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ধরা পড়ে ফিরে আসা লোক উপস্থিত ছিলেন। তাঁদের একজন হুক্কু মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন। গত মাসে থাইল্যান্ড থেকে ফিরে আসা কিছু লোকের কাছে তিনি জানতে পারেন যে তাঁর ছেলে সেখানকার কারাগারে আটক আছেন। কিন্তু এখন ছেলেকে ফেরানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তিনি।
ওই পথসভায় মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, মানুষ বাংলাদেশে কাজ নেই মনে করে বিদেশ যাচ্ছে। এ ব্যর্থতা সরকারের। সরকার কাজ দেওয়ার আশ্বাস দিয়ে ক্ষমতায় আসে। এখন সেসব কাজ কোথায়? তিনি বলেন, সরকারকে মানব পাচার নিয়ে মানুষকে সচেতন করতে হবে। তবে জেনেশুনে আইনগতভাবে বিদেশে যাওয়া মানুষেরও দায়িত্ব।
মালয়েশিয়ায় যাওয়ার পথে ধরা পড়ে ফিরে আসা আলামিন মিয়া বলেন, এ বছরের শুরুর দিকে দালালেরা মালয়েশিয়ায় পাঠানোর জন্য তিনিসহ ৬২ জনকে চট্টগ্রাম থেকে একটি নৌকায় তোলে। তাঁদের নৌকা মালয়েশিয়ার কাছাকাছি পৌঁছালেও মালয়েশীয় নিরাপত্তা বাহিনীর কড়া পাহারার কারণে দালালেরা তাঁদের মালয়েশিয়ায় ঢোকাতে পারেনি। একপর্যায়ে তারা তাদের সমুদ্রের মাঝখানে ফেলে পালিয়ে যায়। এরপর নিরাপত্তারক্ষীরা তাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠায়। সেখানে তিন মাস কাটিয়ে তিনি দেশে ফিরে আসেন।
পথসভায় আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বলেন, মানবপাচারকারীরা অপরাধের সংজ্ঞা বদলে ফেলেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সামাজিকভাবে বর্জন করতে হবে।
কারাম এশিয়ায় আঞ্চলিক সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দালালদের আটক করলেও তারা জামিনে বের হয়ে যায়। তিনি প্রশ্ন তোলেন, তারা কিসের ভিত্তিতে জামিন পায়। এ ছাড়া অবৈধপথে বিদেশে যেতে গিয়ে ক্যাম্পে আটক মানুষদের ফিরিয়ে আনতে সরকারের যথেষ্ট উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। কাঁচপুর ও আড়াইহাজারের জনসভায় স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।