রোডমার্চকে ঘিরে খুলনায় চার দলে প্রাণচাঞ্চল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটসহ সমমনা দলের দক্ষিণাঞ্চলে রোডমার্চ ও বিভাগীয় মহাসমাবেশ কেন্দ্র করে খুলনা অঞ্চলে জোটের নেতা-কর্মী ও সমর্থকেরা উজ্জীবিত হয়ে উঠেছেন। রোডমার্চ ও মহাসমাবেশ সফল করতে খুলনার প্রত্যন্ত এলাকায় গণসংযোগ, কর্মিসভা, উঠান বৈঠক, প্রচারণা ও লিফলেট বিতরণসহ নানা কাজে নেতা-কর্মীরা এখন ব্যস্ত। দলীয় সূত্র জানায়, ২৬ নভেম্বর সকালে ঢাকা থেকে শুরু হয়ে রোডমার্চ রাতে খুলনায় পৌঁছাবে। পরদিন বেলা দুইটায় খুলনার সার্কিট হাউস ময়দানে চারদলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিন যতই ঘনিয়ে আসছে ততই খুলনা বিএনপিসহ চারদলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ সৃষ্টি হচ্ছে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম বলেন, খুলনার মানুষ অধীর আগ্রহে বেগম খালেদা জিয়ার আগমনের অপেক্ষা করছেন। তিনি আরও বলেন, মহাসমাবেশে সাত লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দলের নেতা-কর্মীরা দিন-রাত কাজ করে চলছেন। ইতিমধ্যে দলের মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতিমূলক সভা শেষ হয়েছে। দলের নেতা-কর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে চেয়ারপারসনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে সারা দেশের মতো খুলনার মানুষও খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে রোডমার্চ ও মহাসমাবেশ সফল করবেন বলে তিনি আশাবাদী।চারদলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী খুলনা মহানগরের আমির গোলাম পরওয়ার জানান, রোডমার্চ ও মহাসমাবেশে জামায়াতের কয়েক লাখ কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে মহানগর থেকে জেলার তৃণমূল পর্যন্ত দলের নেতা-কর্মীরা কাজ করে চলছেন।