চার দলের চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ ও জনসভায় বাধার আশঙ্কা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, রোডমার্চ ও সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে তা হবে সরকারের জন্য আত্মঘাতী।গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে রোডমার্চ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী এম কে আনোয়ার এ কথা বলেন। এর আগে তিনি দলীয় নেতাদের নিয়ে নগরের পলোগ্রাউন্ড পরিদর্শন করেন।সাংসদ এম কে আনোয়ার বলেন, ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড জাতির ইতিহাসের দিক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকতে পারে। এই সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঐতিহাসিক দিকনির্দেশনা দেবেন।বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, তবে কোনো ধরনের বোমাবাজি বা নাশকতার চেষ্টা করা হলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে—প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, ‘ওনার (শেখ হাসিনা) মনে হয়তো কোনো দুরভিসন্ধি আছে। তাই এসব বলছেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের মাধ্যমে শেখ হাসিনাকে বলতে চাই, এ ধরনের দুরভিসন্ধি থেকে সরে আসুন। না হয় জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে।’সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংসদ জয়নুল আবদিন ফারুক ও বরকতউল্লা বুলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।৮ জানুয়ারি চার দলের চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু হবে। ওই দিন চান্দিনা ও কুমিল্লায় দুটি পথসভা এবং ফেনীতে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। ৯ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডের সমাবেশে তিনি বক্তব্য দেবেন। এই সমাবেশ থেকে খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারেন।