যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। গতকাল শনিবার রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গাড়ি মার্চ করে বলছেন যে গোলাম আযম, সাকা চৌধুরী, মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধী নন। রোড মার্চের নামে কাউকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।জামায়াত-শিবিরের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে সাহারা খাতুন বলেন, ‘আপনারা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর কথা বলেছেন, তা আর করতে দেওয়া হবে না।’সাহারা খাতুন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনার ছেলেরা দেশের সমস্ত সম্পদ বিদেশে পাঠিয়েছেন। তাঁদের বিচার শুরু হয়েছে। আপনি বিদেশ থেকে এতিমদের টাকা এনে আত্মসাৎ করেছেন। এই বিচারও শুরু হয়েছে।’সাহারা খাতুন আরও বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর রাজধানীতে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করেছে, বাসে অগ্নিসংযোগ করেছে। কীভাবে আপনাদের শায়েস্তা করতে হয়, তা আমরা জানি।’স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের নিজস্ব তহবিল থেকে বাগমারা থানার পুলিশের জন্য দুটি পিকআপ ভ্যান আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে হস্তান্তর করা হয়। তিনি ভ্যান দুটি রাজশাহী পুলিশ সুপার এস এম রোকন উদ্দিনের কাছে হস্তান্তর করেন। এর আগে সাহারা খাতুন বাগমারায় আসার পথে পুঠিয়ায় পথসভায় বক্তব্য দেন। পরে তিনি বাগমারার সাকোয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান চৌধুরী সভাপতিত্ব করেন। এ ছাড়া সভায় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য দেন।