রোদ উঠছে, ভোটার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার তিনটি আসনে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ চলছে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল, ছিল না রোদ। এ সময় ভোটার উপস্থিতিও ছিল কম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছে। ভোটকেন্দ্রগুলোতে বেড়েছে ভোটারের উপস্থিতি।

গাইবান্ধা-৩ আসনে পলাশবাড়ীর একটি ভোটকেন্দ্র পশ্চিম মির্জাপুর সিনিয়র মাদ্রাসা। ৫ জানুয়ারি নির্বাচনের সময় জামায়াত-বিএনপির বাধায় এখানে ভোট গ্রহণই শুরু করা যায়নি। সেদিন এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম প্রথম আলোকে বলেছিলেন, ‘ব্যালট বাক্সই পৌঁছায়নি।’ আজ ১৬ জানুয়ারি স্থগিত হওয়া এই কেন্দ্রে ফের ভোট চলছে। কী অবস্থা—জানতে চাইলে হাসিমুখে তিনি বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা খুব ভালো। সকাল আটটায় ভোট শুরু হয়েছে।’

পশ্চিম মির্জাপুর সিনিয়র মাদ্রাসাটি ব্যবহারের উপযোগী না হওয়ায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ এখন কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ে চলছে। 

গাইবান্ধার তিনটি আসনের (১, ৩ ও ৪) স্থগিত ২০৬টি কেন্দ্রের সব কয়টিতে আজ সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। অথচ ব্যালট না পৌঁছানো এবং কেন্দ্র ভাঙচুর-আগুনের কারণে গত ৫ জানুয়ারি এখানকার ২০৬টি কেন্দ্রে ভোটই শুরু করা যায়নি। তবে আজ র্যাব-পুলিশ-বিজিবি-সেনাবাহিনীর চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকলেও সকালে প্রচণ্ড কুয়াশা আর শীতের কারণে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম। কিন্তু রোদ উঠলে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

গাইবান্ধা-৪ আসনের তরফ কামাল বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এসে শাহ আলম সরকার প্রথম আলোকে বলেন, ‘৫ জানুয়ারি আতঙ্কে ভোট দিতে পারিনি। এবার ভোটের পরিবেশ খুব ভালো। ব্যাপক নিরাপত্তা। শান্তিতে ভোট দিয়েছি।’

গাইবান্ধার-৪ আসনের গোবিন্দগঞ্জের একটি ভোটকেন্দ্র তালুক কালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রটিতে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়ে ৮১টি। বেলা আড়াইটায় এ সংখ্যা দাঁড়ায় ৭০০টি। কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে।

একই অবস্থা দেখা গেছে পাশের তালুক কালুপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে। সেখানকার প্রিসাইডিং কর্মর্কতা জানান, কেন্দ্রটিতে বেলা দুইটা পর্যন্ত ৮৬০টি ভোট পড়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা এক হাজার ৮৫৭। বেলা ১১টার পর ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একই চিত্র দেখা পাওয়া গেছে।

গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এহছানে এলাহী সকাল ১০টায় প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে আমরা খোঁজখবর রাখছি। তিনটি আসনের স্থগিত সবগুলো কেন্দ্রেই সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

রিটার্নিং কর্মকর্তা জানান, ৫ জানুয়ারির নির্বাচনে যেখানে প্রতি কেন্দ্রে একজন সশস্ত্র পুলিশ ছিল, এবার সেখানে প্রতি কেন্দ্রে ১৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য রয়েছেন। সব মিলিয়ে তিনটি আসনে চার হাজার ১২৯ জন পুলিশ ও দুই হাজার ৪৭২ জন আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া ৩৪টি টিমে বিভক্ত হয়ে সেনাবাহিনীর ৯৫৫ জন, বিজিবির ৬০২ জন, র্যাবের ৩০০ সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কেন্দ্রের বাইরে টহল দিচ্ছেন। সাদা পোশাকে আছেন ২০০ গোয়েন্দা পুলিশ। চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৬৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য কাজ করছেন। প্রশাসন বলছে, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

৫ জানুয়ারির নির্বাচনের আগের দিন গাইবান্ধার মানুষের মধ্যে ছিল শঙ্কা। হরতাল-অবরোধের মধ্যে ভোট নিয়ে মানুষ ছিল আতঙ্কিত। বিকেল থেকেই বিভিন্ন কেন্দ্র পুড়িয়ে দেওয়ার খবর আসছিল। প্রিসাইডিং কর্মকর্তারাও ছিলেন আতঙ্কিত। এসব কারণে ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। তবে আজ ভোটার উপস্থিতি বেশি হবে বলে আশা করছে প্রশাসন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। এই কেন্দ্রগুলোতে ভোটারসংখ্যা এক লাখ ৫৮ হাজার ২০৯। এর আগে এই আসনের ৩৮টি কেন্দ্রের বেসরকারি যে ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মনজুরুল ইসলাম ৪৫ হাজার ৩৮৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ জাতীয় পার্টির কর্নেল (অব.) আবদুল কাদের খান (লাঙ্গল) পান পাঁচ হাজার ৯৫৮ ভোট। আজকের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কাদের খান।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে আজ স্থগিত ৮০টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রগুলোর ভোটার দুই লাখ ২৬ হাজার ৬২৭। এখানকার ৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী ৭০ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম পান ১২ হাজার ৭৮১ ভোট। আজকের নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন খাদেমুল ইসলাম।

তিনটি আসনের মধ্যে একমাত্র গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনেই নির্বাচনের চরম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আজ। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৭২টি কেন্দ্রে আজ নির্বাচন হবে। এই কেন্দ্রগুলোর ভোটার দুই লাখ ৭৭। এখানে সর্বশেষ ঘোষিত ৫৮টির ফলাফলে আনারস প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ  ৫৯ হাজার ৮৬২ ভোট পান। আর মনোয়ার হোসেন চৌধুরী পান ১৮ হাজার ৮০৬ ভোট।