রোদ ও গরমে নাকাল শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে চাল উড়ে যাওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও বগুড়ার দুপচাঁচিয়ার জোয়ালমাটাই নিম্নমাধ্যমিক বিদ্যালয় মেরামতের জন্য কোনো সরকারি অনুদান পাওয়া যায়নি।
টিনের চাল উড়ে যাওয়ার পর থেকেই খোলা আকাশের নিচে চলছে পাঠদান। কিন্তু ভাপসা গরম ও প্রখর রোদে শিক্ষক ও শিক্ষার্থীদের টেকা দায় হয়ে পড়েছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার চামরুল ইউনিয়নে জোয়ালমাটাই এলাকায় ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গত ৪ এপ্রিল রাতে কালবৈশাখীতে শিক্ষাপ্রতিষ্ঠানটির তিনটি শ্রেণিকক্ষের টিনের চাল উড়ে যায়। বৃষ্টিতে শ্রেণিকক্ষ কাদায় ভরে যায়। টাকার অভাবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষগুলো মেরামত করা সম্ভব হয়নি। টিনের ছাউনি উড়ে যাওয়ার পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রায় ১৫০ শিক্ষার্থীকে বিদ্যালয়ের সামনে গাছতলায় পাঠদান করা হচ্ছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবু নাছের ও এমদাদুল হক বলে, ঝড়ের পর থেকে মাঠে ক্লাস করছে তারা। কয়েক দিনের প্রচণ্ড গরমে বাইরে রোদের মধ্যে ক্লাস করতে কষ্ট হচ্ছে তাদের। তাই ইদানীং শিক্ষার্থীরা আর তেমন আসছে না।
প্রধান শিক্ষক মনছুর রহমান বলেন, ‘ধারদেনা করে ও শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে বিদ্যালয়ে একটি টিনের চাল দেওয়া ভবন নির্মাণ করা হয়েছিল। ঋণের সব টাকা এখনো শোধ হয়নি। এর মধ্যে ঘূর্ণিঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। সরকারি সাহায্যের জন্য উপজেলা পরিষদে আবেদন করেছি। এখনো কোনো সাড়া মেলেনি।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তছলিম উদ্দিন বলেন, ‘আমরা সরকারি সহযোগিতা ছাড়াই বিদ্যালয়ের অবকাঠামো তৈরি করেছি। শিক্ষক-কর্মচারীরাই বেশির ভাগ টাকা দিয়েছেন। তাঁদের ধারই এখনো শোধ করতে পারিনি। এ অবস্থায় শ্রেণিকক্ষগুলোর চাল উড়ে গেল। সরকারি সাহায্য ছাড়া এখন এগুলো মেরামত করা সম্ভব না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, ঘূর্ণিঝড়ে উপজেলার কয়েকটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কয়েক দিন আগের ভূমিকম্পেও কয়েকটি বিদ্যালয়ের ভবনে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। এসব বিদ্যালয়ের বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো আমরা দেখেছি। এ মুহূর্তে ইউএনও প্রশিক্ষণে আছেন। উনি এলে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোকে কম-বেশি আর্থিক সাহায্য করা হবে।’