বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দের এক দিন পর প্রচারণা জমে উঠেছে। পুরো পৌর এলাকা প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। রোদ ও বৃষ্টির মধ্যেও প্রার্থীরা ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন।বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে চালানো হচ্ছে মাইকিং। দুই মেয়র পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল অনুযায়ী ২২ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সরেজমিনে দেখা গেছে, পৌরসভার কয়েকটি স্থানের মধ্যে চারমাথা বাজার, রেলঘুমটি ও রেলস্টেশনের সামনে প্রতিদিন সকাল ও বিকেলে লোকজন সমবেত হচ্ছেন। এসব স্থান প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। কয়েকজন মেয়র পদপ্রার্থী অভিযোগ করেন, আমিরুল ইসলাম ও আবদুল জলিলের সমর্থকেরা পৌর এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে তাঁদের পোস্টার সাঁটিয়েছেন। এ বিষয়ে আমিরুল ইসলাম জানান, প্রতীক পাওয়ার আগেই তাঁর কয়েকজন অতি উৎসাহী সমর্থক পোস্টারগুলো সাঁটিয়েছেন। তিনি এ ব্যাপারে কিছু জানেন না। মেঘা গ্রামের আবদুর রহমান বলেন, ‘ভোটের আর এই কয়েক দিন বাড়িতে মন টিকে না বলেই সকাল ও বিকেলে বাজারে আসি। তবে সন্ধ্যার পরই কোনো লোকই আর বাজারে থাকেন না। কারণ, প্রতিদিনই গ্রামে গ্রামে কোনো না-কোনো প্রার্থীর সভা থাকে।’হরতালের সময় সহিংসতার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দুই মেয়র পদপ্রার্থী আবদুল জলিল ও নজরুল ইসলাম। তাঁদের পরিবারের লোকজন ও সমর্থকেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পক্ষে ভোট চাইছেন।রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘দেয়ালে কোনো পোস্টার সাঁটানো যাবে না। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এলাকায় পাঠিয়েছি। দেয়ালে যেসব প্রার্থীর পোস্টার পাওয়া যাবে তাঁদের প্রথমে সতর্ক করে দেওয়া হবে। না শুনলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’