রোদ পোহাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গীপাড়ায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এঁরা হলেন আজমত আলী (৩০) ও তাঁর মেয়ে শারমিন (৩)।পোড়াদহ জিআরপি থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে আজমত তাঁর মেয়ে শারমিনকে নিয়ে রোদ পোহানোর জন্য রেললাইনের ওপর বসে ছিলেন। সকাল ১০টার দিকে পোড়াদহ থেকে গোয়ালন্দগামী মধুমতি এক্সপ্রেস নামের একটি ট্রেন ছেড়ে আসে। বেলা পৌনে ১১টার দিকে এলঙ্গীপাড়ায় এসে ট্রেনটি আজমত আলী ও শারমিনের ওপর দিয়ে চলে যায়। এতে আজমত ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন শারমিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আকুল উদ্দিন শারমিনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।