রোদ পোহানোর সুযোগ হলো দুই ঘড়িয়ালের

একটা ঘড়িয়াল হাঁ করে আছে। দেখে মনে হচ্ছে, সে মুখ বন্ধ করার কথা ভুলে গেছে। আরেকটি চুপচাপ শুয়ে। এটির দেহের ভাষা দেখে বোঝার উপায় নেই যে সে বেঁচে আছে। এক চিলতে রোদ পেয়ে ওদের এই আয়েশি ভাব। ওরা রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার দুটি ঘড়িয়াল।
শীতল রক্ত বলে শীতকালে ঘড়িয়ালকে অন্তত আট ঘণ্টা রোদে থাকতে হয়। কিন্তু চিড়িয়াখানায় শুরুতে তাদের এই সুবিধা ছিল না। সম্প্রতি ওদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ঘড়িয়ালকে প্রজননক্ষম করে তুলতে এ আয়োজন।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, অনেক দিন আগে পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়া দুটি ঘড়িয়ালের বাচ্চা এই চিড়িয়াখানার ছোট্ট একটা পুকুরে ছাড়া হয়। ওদের বয়স এখন ৩৫ থেকে ৪০ বছর। এক থেকে দেড় বছর বয়সী আরও একটি ঘড়িয়াল এই পুকুরে ছাড়া হয়েছিল। গত এপ্রিলে এটি মারা গেছে। এখন যে দুটি ঘড়িয়াল রয়েছে, এরা মেয়ে। আবার রংপুর চিড়িয়াখানায় যে চারটা আছে, সব কটি মেয়ে। ঢাকা চিড়িয়াখানায় আবার মেয়ে নেই। চারটাই ছেলে। বঙ্গবন্ধু সাফারি পার্কে একটি আছে, সেটিও ছেলে। এ নিয়ে গত ২০ এপ্রিল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘মেয়েরা উত্তরে ছেলেরা ঢাকায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সম্প্রতি বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) প্রজননের জন্য আন্তচিড়িয়াখানা ঘড়িয়াল বিনিময়ের উদ্যোগ নিয়েছে। আইইউসিএন বাংলাদেশে ঘড়িয়ালের আবাসস্থল চিহ্নিত করে এর ব্যবস্থাপনার জন্য একটি সুপারিশ তৈরি করছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম জানান, তাঁরা পরিকল্পনা করেছেন, ঢাকা চিড়িয়াখানা থেকে একটি ছেলে ঘড়িয়াল রাজশাহী ও একটি রংপুরে যাবে। ওই দুটি চিড়িয়াখানা থেকে একটি করে মেয়ে ঢাকায় আসবে। গত ২৪ এপ্রিল এ নিয়ে চিড়িয়াখানার কিউরেটরদের নিয়ে বন বিভাগ ও আইইউসিএনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের অগ্রগতি হিসেবে প্রথমে রাজশাহী চিড়িয়াখানাকে প্রজনন উপযোগী করা হচ্ছে। তিনি বলেন, এ জন্য প্রথমেই ঘড়িয়ালের রৌদ্রস্নানের ব্যবস্থা করা হচ্ছে। ঘড়িয়াল বাচ্চা ফুটানোর জন্য ডিম বালুতে পুঁতে রাখে। এ জন্য ওদের আবাসস্থলে বালুর ব্যবস্থা করা হচ্ছে।

রাজশাহী চিড়িয়াখানার কিউরেটর ও ইনচার্জ ফরহাদ উদ্দিন বলেন, এই চিড়িয়াখানা রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চলে। আর্থিক সংকটের কারণে এত দিন ঘড়িয়ালের আবাসস্থলটি প্রজনন উপযোগী করা সম্ভব হয়নি। আইইউসিএনের আর্থিক সহযোগিতায় পুকুরের মাঝখানের কংক্রিটের ঢিবিটা ভেঙে দিয়ে ওদের রৌদ্রস্নানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন বালু দেওয়া হবে, যাতে তারা প্রজননের প্রাকৃতিক পরিবেশটা পায়।
জলচর এ সরীসৃপ লাজুক ও শান্ত প্রকৃতির। ঘড়িয়ালের দেহের দৈর্ঘ্য হয় সর্বোচ্চ ৪ থেকে ৭ মিটার। গঙ্গা নদী ছাড়াও উপমহাদেশের অন্যান্য বড় নদীতেও ঘড়িয়াল দেখা যেত। বাংলাদেশে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রে এবং সেগুলোর শাখা-প্রশাখায় একসময় প্রচুর দেখা যেত, কিন্তু আবাসস্থল ধ্বংস হওয়ায় বাংলাদেশে প্রজননক্ষম কোনো ঘড়িয়াল প্রকৃতিতে নেই বলেই বিশেষজ্ঞদের ধারণা। ঘড়িয়াল মহাবিপন্ন বন্য প্রাণী, যা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ দ্বারা সংরক্ষিত।
আরও পড়ুন: