রোদ-বৃষ্টির খেলায় সুরমায় দৃষ্টিনন্দন নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝ নদীতে ঢাকঢোল বাজিয়ে প্রস্তুত নৌকাবাইচের প্রথম দল। প্রতিযোগিতার যখন শুরু, তখন রোদের ঔজ্জ্বল্য নদীর জলে গিয়ে পড়ছিল। অন্য রকম এক রোদ-ঝলমল পরিবেশে চলে প্রথম পর্বের নৌকাবাইচ।প্রতিযোগীদের উৎসাহ জোগাতে নদীতে একটি ভ্রাম্যমাণ নৌকা দিয়ে বাদ্যযন্ত্রসহ শিল্পীরা পরিবেশ করছিলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘কোন মেস্তরি নাও বানাইল/ কেমন দেখা যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে/ ময়ূরপঙ্খী নায়...’ কালজয়ী গান। এ গানের তালে দুলছিল দর্শকমনও। দ্বিতীয় প্রতিযোগিতা শুরুর সময় রোদেলা আকাশে কালো মেঘের ছায়া ভর করে। খানিক পরই রোদের মধ্যেই শুরু হয় ঝুম বৃষ্টি। তারপর আবার রোদ।সিলেটের সুরমা নদীতে গতকাল শনিবার বিকেলে এভাবে রোদ আর বৃষ্টির প্রাকৃতিক খেলার মধ্যে অনুষ্ঠিত হয় গ্রামীণ ঐতিহ্যের সবচেয়ে বড় খেলা—নৌকাবাইচ। মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রোইং ফেডারেশন নৌকাবাইচের আয়োজন করে।আয়োজক সূত্রে জানা গেছে, বাংলার গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ রোইং ফেডারেশনের তত্ত্বাবধানে ‘বাংলালিংক চতুর্থ সিলেট বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। ২০০৮ সাল থেকে সুরমা নদীতে এই আয়োজন চলে আসছে। সুরমা নদীর ঐতিহ্যবাহী কিনব্রিজ-সংলগ্ন চাঁদনী ঘাটে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট অঞ্চলের ২৪টি বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। সবার সেরা পুরস্কার অর্জন করে ইকড়ছই যুবসংঘের ‘পঙ্খীরাজ’ নৌকার দল।পুরস্কার বিতরণ পর্বে মেয়র ছাড়াও অতিথি ছিলেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেচ্ছা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলালিংকের আঞ্চলিক প্রধান এস কে নুরুল আলম, বাংলাদেশ রোইং ফেডারেশনের সহসভাপতি খুরশেদ আলম ও সাধারণ সম্পাদক আবদুল আওয়াল।বাংলাদেশের প্রাচীন ও ঐতিহাসিক খেলাগুলোর মধ্যে অন্যতম নৌকাবাইচ প্রায় দুই হাজার বছরের পুরোনো। হাওর-নদীতে অন্য রকম এক আন্দোলিত রূপ তৈরি করে নৌকাবাইচের এ মৌসুম। বাংলাদেশ রোইং ফেডারেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ পর্বে এ কথা জানিয়ে আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে শহরাঞ্চলে এ রকম আয়োজন অব্যাহত রাখার কথা ঘোষণা করা হয়।সবার সেরা ‘পঙ্খীরাজ’: সিলেট বিভাগের ২৪টি নৌকার প্রতিযোগিতামূলক বাইচে সবার সেরা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইকড়ছই যুবসংঘের ‘পঙ্খীরাজ’ নৌকা। এ দলের প্রধান হাজি তরফ গাজী পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন গ্রহণ করেন। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে পাখি মিয়ার দলকে ১৭ ইঞ্চি টেলিভিশন এবং নূর মিয়ার নৌকার দলকে তৃতীয় পুরস্কার হিসেবে ১৪ ইঞ্চি টেলিভিশন দেওয়া হয়।সেরা পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হাজি তরফ গাজী প্রথম আলোকে জানান, ২০০৮ সাল থেকে সিলেটে সুরমা নদীতে এ নৌকাবাইচে অংশ নিতে এবং সবার সেরা পুরস্কার পেতে তাঁদের বর্ষা মৌসুমব্যাপী একধরনের প্রস্তুতি ছিল। এ প্রস্তুতি এবার সার্থক হয়েছে বলে তাঁরা খুশি।