রোদ সরে বেঞ্চ নড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কাঠফাটা রোদ, কখনো আকাশ আঁধার করে নেমে আসে বৃষ্টি। রোদ পড়লে যেখানে গাছের ছায়া, সেখানেই বেঞ্চ নিয়ে সরে বসতে হয় ওদের। আর বৃষ্টি এলে বই-খাতা বগলদাবা করে ছুটতে হয় নিরাপদ কোনো আশ্রয়ে। আর রোদ-বৃষ্টির এই লুকোচুরির সঙ্গে তাল মেলাতে গিয়ে পড়াতেই মন দিতে পারছে না শিক্ষার্থীরা।
এমন দুর্ভোগ ঠাকুরগাঁও সদর উপজেলার সারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এভাবেই গাছতলায় ক্লাস করতে হচ্ছে তাদের।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন চারজন। বিদ্যালয়ের একতলা পাকা ভবনে চারটি কক্ষ আছে। এর মধ্যে তিনটিতে পাঠদান করা হতো।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির মাঠের এক পাশের গাছতলায় আটটি বেঞ্চ পেতে প্রথম শ্রেণির ২৪ শিক্ষার্থী নিয়ে কবিতা রানী কর্মকার এবং পাশেই সাতটি বেঞ্চ পেতে দ্বিতীয় শ্রেণির ২১ শিক্ষার্থীকে পাঠ দিচ্ছেন ঝরনা বেগম। গাছের ফাঁক দিয়ে ওই জায়গায় রোদ পড়লে শিক্ষক তাদের বলতে থাকেন, ‘চলো আমরা ছায়ায় বসি।’ শিক্ষকের নির্দেশ পেয়ে শিক্ষার্থীরাও বেঞ্চ টেনে যেখানে ছায়া আছে, সেখানে নিয়ে গিয়ে বসে। এভাবে পাঠদানের সময় কয়েকবার শিক্ষার্থীদের বেঞ্চ নিয়ে জায়গা বদল করতে হয়। মাটির রাস্তা দিয়ে মোটরসাইকেল ও পাওয়ারটিলার চলাচল করায় শিক্ষার্থীরা পাঠে মন দিতে পারছে না।
বিদ্যালয় ভবনে গিয়ে দেখা যায়, ভবনটির বিম, কলাম, দেয়াল, ছাদসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এর একটি কক্ষেই ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
প্রধান শিক্ষক কামনা রানী সাহা রায় জানান, তিনি বিদ্যালয়ে ২০১০ সালে যোগদান করেছেন। এখানে এসেই দেখেন বিদ্যালয়ের কক্ষগুলো ঝুঁকিপূর্ণ। ভবনটি নির্মাণ করা হয়েছে ১৯৯৪ সালে। ৩০ বছর পার হলেও ভবনটির কোনো সংস্কারই হয়নি। তারপরও সেখানে পড়ানো হতো। ভবনের ঝুঁকির বিষয়টি ২০১৪ সালের জুন মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। এরপর সাম্প্রতিক কয়েক দফার ভূমিকম্পে বিদ্যালয় ভবনের ফাটল আরও বিপজ্জনক হওয়ায় গত ৩০ এপ্রিল আবার তাঁকে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।
প্রধান শিক্ষক আরও জানান, স্থানীয় সরকারপ্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী গত ৬ মে বিদ্যালয় পরিদর্শন করে সেখানে পাঠ দেওয়া বন্ধ রাখার সুপারিশ করেন। তাঁর সুপারিশের পর উপজেলা শিক্ষা কর্মকর্তা ১০ মে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিকল্প ব্যবস্থায় বিদ্যালয়ের পাঠ চালিয়ে যেতে নির্দেশ দেন।
শিক্ষক কবিতা রানী কর্মকার জানান, শুকনো মৌসুমে যখন যানবাহন মাটির রাস্তা দিয়ে চলাচল করে ধুলাবালির জন্য এখানে বসে থাকা কষ্টকর হয়ে পড়ে। আর বৃষ্টির সময় তো ক্লাসই বন্ধ হয়ে যায়।
শিক্ষক ঝরনা বেগম বলেন, ‘যখন আমাদের ওপর রোদ এসে পড়ে, তখন ছায়া খুঁজে বেঞ্চ সরিয়ে নিতে হয়। এভাবে ঘণ্টায় কমপক্ষে দু-তিনবার বেঞ্চ টানাহেঁচড়া করতে হয়।’
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সীমান্ত চন্দ্র বর্মণ বলে, ‘ক্লাস চলার সময় যখন আমাদের ওপর রোদ এসে পড়ে, তখন বেঞ্চ টেনে সরিয়ে নিতে হয়।’
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার জানান, ভবনটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা যাবে। ভবনটি সংস্কার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বিকল্প ব্যবস্থায় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।