রোদে দাঁড়িয়ে অসুস্থ প্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে প্রচণ্ড রোদের মধ্যে এভাবেই দাঁড়িয়ে ছিলেন প্রতিবন্ধীরা l প্রথম আলো
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে প্রচণ্ড রোদের মধ্যে এভাবেই দাঁড়িয়ে ছিলেন প্রতিবন্ধীরা l প্রথম আলো

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রতিবন্ধী যাচাই-বাছাই প্রক্রিয়ার সময় প্রচণ্ড রোদে অসুস্থ পড়েন কয়েকজন প্রতিবন্ধী। অভিযোগ আছে, দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ না করেই তালিকা করার নাম করে উপজেলা পরিষদ মাঠে তাঁদের জড়ো করেন।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কয়েক হাজার প্রতিবন্ধী উপজেলা পরিষদ চত্বরের দুটি খোলা মাঠে জড়ো হয়েছিলেন। অসুস্থ প্রতিবন্ধীরা একসময় বাড়ি ফিরে যান। অনেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাও নেন।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে ইউপি কার্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ ও যাচাই-বাছাইসহ তালিকা করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে কে এম ফজলে রাব্বিকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা না করেই ফজলে রাব্বি কয়েক দিন আগে মাইকে প্রচার করে উপজেলা পরিষদ মাঠে প্রতিবন্ধীদের জড়ো হওয়ার আহ্বান জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজার প্রতিবন্ধী উপজেলা পরিষদ মাঠে জড়ো হন। বেলা ১১টা পর্যন্ত প্রচণ্ড রোদের মধ্যে খোলা মাঠে থাকতে থাকতে বেশ কয়েকজন প্রতিবন্ধী অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ফজলে রাব্বিসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা প্রতিবন্ধীদের তালিকা করতে গিয়ে হিমশিম খেয়ে যান। অব্যবস্থাপনার মধ্যে তালিকা করতে ব্যর্থ হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিবন্ধীরা বাড়ি ফিরে যান। রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে কয়েকজন শুয়ে পড়েন।
উপজেলা চত্বর থেকে ১৫ কিলোমিটার দূরে খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী নাসির বেলা দুইটা পর্যন্ত তাঁর নাম তালিকাভুক্তি করতে না পেরে বাড়ি ফিরে যান। তিনি বলেন, ‘এভাবে অসহায় মানুষদের ডেকে নিয়ে মশকরা করা ঠিক না। আমাদের মতো মানুষদের ডেকে নিয়ে বড় বড় কর্তারা আনন্দ পেলেও সেটা আমাদের জন্য চরম কষ্টের।’
দুর্গম চিলমারী ইউনিয়ন থেকে আসা শারীরিক প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থী রোকনুজ্জামান। সে বলে, ‘এত দূর থেকে এসে কোনো কাজই হলো না। পরীক্ষা চলাকালে এভাবে ডেকে এনে হয়রানি করা ঠিক হয়নি।’
রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান ইছাহক আলী, মরিচা ইউপি চেয়ারম্যান মহাবুল হোসেন ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান বলেন, হাজার হাজার অসহায় প্রতিবন্ধীদের ডেকে এনে তাঁদের চরম কষ্ট দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের কাজ কেন উপজেলায় করা হয়েছে, তা বোধগম্য হচ্ছে না। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল গণি বলেন, উপজেলা চত্বরে প্রতিবন্ধীদের জড়ো করা ঠিক হয়নি। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাঁদের যাচাই-বাছাই করার বিধান রয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বির মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।