রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন পরিত্যক্ত হওয়ায় খোলা আকাশের নিচে চলে ক্লাস। আর আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি দিতে হয়। এভাবেই চলছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সীতারামপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। ছাদ ও দেয়ালে একাধিক ফাটল দেখা দেওয়ায় প্রায় দুই মাস আগে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এর পর থেকে বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচেই প্রায় ৪০০ শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৪ সালে চারটি শ্রেণীকক্ষ ও একটি শিক্ষক কক্ষ নিয়ে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৮৮ জন। শিক্ষক রয়েছেন চারজন। সম্প্রতি সরেজমিনে প্রতিটি কক্ষের ছাদ ও দেয়ালে একাধিক বড় ফাটল দেখা গেছে। বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচে ক্লাস করছে। বিদ্যালয়ের শিক্ষার্থী জুনাইদ বলে, ‘প্রচণ্ড গরম আর রোদের মধ্যে বাইরে ক্লাস করতে হয়। কিন্তু বৃষ্টির মধ্যে ক্লাস করতে পারি না। আকাশে কালো মেঘ দেখলেই স্কুল ছুটি হয়ে যায়।’ মতিন, খাদিজা, তানজিনাসহ কয়েকজন শিক্ষার্থীও একই অভিযোগ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাবনা রাণী সরকার বলেন, ‘বৃষ্টির দিনেও খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছি। এ অবস্থায় কীভাবে পরীক্ষা নেব ভেবে পাচ্ছি না।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।