রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দাপ্তরিক কাজ করছেন বনরক্ষীরা
বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরী বনাঞ্চলে বন বিভাগের নিশানবাড়িয়া বিট অফিস ভবনের টিনের চাল গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনে উড়ে গেছে। তখন থেকে বন কর্মীরা ওই ভবনে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজেই দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।
বনকর্মীরা জানান, নিশানবাড়িয়ায় দাপ্তরিক কাজ পরিচালনা ও কর্মীদের থাকার জন্য ভবনটিতে দুটি কক্ষ রয়েছে। বন বিভাগ এ ভবনটি অনেক আগেই ব্যবহার অনুপোযোগী ঘোষণা করেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় তারা এ ভবনেই দপ্তরের কাজ চালিয়ে আসছিলেন এবং সাত জন কর্মী বসবাসও করতেন।
নিশানবাড়িয়া বিট কর্মকর্তা কামাল হোসেন জানান, ভবনের কক্ষ দুটি মেরামতের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কয়েকবার জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হচ্ছে না।
এ বিষয়ে বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মালয় কুমার সরকার বলেন, ‘আপাতত ভাঙা টিনগুলো দিয়ে একটি ঘর তৈরি করার জন্য বনরক্ষীদের বলা হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি ওখানে নতুন ঘরের ব্যবস্থা করা যায়।’
পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন একটি ভবন ও প্রয়োজনীয় সরঞ্জাম চেয়ে আবেদন করা হয়েছে।