
ট্রাফিক আইল্যান্ডের ছাউনি না থাকায় প্রচণ্ড রোদ ও গরমে নাজেহাল রংপুর নগরের ট্রাফিক পুলিশ সদস্যরা।
নগরের কাছারিবাজার, জেলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর ও শাপলা চত্বর এলাকায় ট্রাফিক পুলিশের আইল্যান্ডে ছাউনি নেই। এক বছর ধরে এ সমস্যা চললেও কোনো সমাধান নেই।
রংপুর ট্রাফিক পুলিশ সূত্র জানায়, জাহাজ কোম্পানি মোড় ও বেতপট্টি মোড় এলাকাতেও ছাউনি সমস্যা রয়েছে। এ দুটি স্থানে ট্রাফিক আইল্যান্ডে ছাউনি থাকলেও তা খুবই সংকুচিত—সেখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা খুবই কষ্টকর।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, কাছারিবাজারে ছাউনি ছাড়া আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য। একই চিত্র দেখা গেল জেলা পরিষদ সুপার মার্কেটের সামনের মোড় ও পায়রা চত্বর এলাকাতেও। এসব এলাকায় ছাউনি ছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরা। জানালেন, ছাউনি না থাকায় দায়িত্ব পালনে অনেক সময় ভারী বৃষ্টিতেও সমস্যা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য বললেন, ‘কী যে কষ্ট! এভাবে রোদের মধ্যে ডিউটি করার পরও মানুষের গালমন্দ শুনতে হয়।’ বেসরকারি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রাফিক ছাউনি করার দাবি জানালেন ট্রাফিক পুলিশের এই সদস্য।
রংপুর ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সরকারি উদ্যোগে ট্রাফিক পুলিশের আইল্যান্ডে কোনো ছাউনি দেওয়া হয় না। এসব এলাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের পক্ষে ছাউনি করে দেওয়া হয়েছিল। কিন্তু সেসব নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আর কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসেনি।
জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক সামসুল আলম বলেন, ছাউনি ছাড়া প্রচণ্ড রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা খুবই কষ্টকর। তারপরও নির্বিঘ্নে দায়িত্ব পালন করে চলেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন তাঁরা। কোনো প্রতিষ্ঠান ছাউনিগুলো করে দিলে খুবই ভালো হয় বলে মন্তব্য করেন তিনি।