রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নৌকাযাত্রা
এপারে গাইবান্ধার বালাসি। ওপারে জামালপুরের বাহাদুরাবাদ। মাঝখানে ব্রহ্মপুত্র-যমুনা। একসময় দুই পাড়েই ছিল রেলওয়ের ফেরিঘাট। এখন দুই পাড়ে দুটি নৌঘাট। প্রতিদিন বালাসি ঘাট থেকে বিভিন্ন পথে অন্তত ৩০টি ইঞ্জিনচালিত নৌকা চলাচল করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদিত নৌপথে চলাচলকারী এসব নৌকায় কোনো ছাউনি নেই। এমনকি দুই ঘাটের কোনোটিতেই নেই যাত্রীছাউনি বা বসার স্থান। ফলে পাঁচ হাজার লোক প্রতিদিন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তর্গত বালাসি নৌঘাট এবার সাড়ে নয় লাখ টাকা ইজারা দেওয়া হয়েছে। বিআইডব্লিউএ এই ইজারা দেয়। বালাসি ঘাট থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রায় ৩০টি ইঞ্জিনচালিত নৌকা চলাচল করে। এর মধ্যে বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত চলাচল করে আটটি। অবশিষ্ট নৌকাগুলো বালাসি ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী, রৌমারী, রাজীবপুর, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর, সদর উপজেলার মোল্লারচরের মধ্যে যাতায়াত করছে। বালাসি থেকে বাহাদুরাবাদ, চিলমারী, রৌমারী, রাজীবপুর যেতে সময় লাগে তিন থেকে সাড়ে চার ঘণ্টা। আসতেও একই সময় লাগে। দীর্ঘ এই সময়টুকু যাত্রীদের ছাউনিহীন নৌকায় রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। এই নৌপথে যাতায়াতকারী জেলা রোভার স্কাউটের সম্পাদক সৈয়দ আজহারুল হক বলেন, ‘শীতের সময় সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ করতে জবুথবু হয়ে পড়তে হয়। গরমের দিনে আরও করুণ অবস্থা। প্রখর রোদে নারী ও শিশুদের নিয়ে বিপাকে পড়তে হয়। বৃষ্টি ও ঝড়ের সময় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ছাউনির জন্য নৌকা চালকদের তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না।’ফুলছড়ি উপজেলার বালাসি গ্রামের মাঝি কাশেম মিয়া (৩৫) বলেন, ‘আমরা সামান্য বেতনে চাকরি করি। মালিকেরা ছাউনি না দিলে আমাদের করার কিছু নেই।’ একই গ্রামের নৌকা-মালিক নায়েব উদ্দিন (৪৫) বলেন, ‘নৌকায় ছাউনি দেওয়া হলে যাত্রীদের স্থান কমে যায়। এ ছাড়া বাতাসে নৌকার গতি কমে যায়। ফলে ছাউনি দেওয়া হয় না।’কঞ্চিপাড়ার রসুলপুর গ্রামের ব্যবসায়ী বাবলু মিয়া (৫৫) জানান, ঘাটসংলগ্ন রেলওয়ের একটি ছোট পন্টুন থাকলেও সেটি হকার ও ভাসমান লোকদের দখলে থাকে। ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে নৌকার জন্য অপেক্ষা করতে হয়।বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, তাঁরা শুধু ইজারার বিষয়টি দেখেন। নৌকায় ছাউনি দেওয়া না-দেওয়া ইজারাদারদের ওপর নির্ভর করে।