রোদে বসিয়ে শিশুদের বানানো হলোশ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। কাঠফাটা রোদের মধ্যে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরের ফাঁকা মাঠে বসিয়ে রাখা হয়েছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এদের বেশির ভাগই শিশু।

এদিকে মাঠের একপাশে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত মঞ্চ। মঞ্চের শামিয়ানার ওপরে টিনও দেওয়া হয়েছে। অতিথিদের জন্য রয়েছে বৈদ্যুতিক পাখা। সেখান থেকে অতিথিদের কেউ দিচ্ছেন বক্তৃতা। কেউ কেউ মশগুল খোশগল্পে।

অনেক শিশু দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু পাশে থাকা শিক্ষকদের ভয়ে তারা সেই চেষ্টা থেকে বিরত থাকে। ঘেমে একাকার হয়ে অসহায়ের মতো বসে বক্তৃতা শুনতে বাধ্য হয় তারা। গতকাল বৃহস্পতিবার ওই কলেজ মাঠে জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানের দৃশ্য এটি।

জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাসুদ আহমেদ। বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক, পৌর মেয়র ইকবাল আকতার খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির প্রমুখ। অনুষ্ঠানে আয়োজকদের ‘অমানবিক’ ব্যবস্থা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। কেউ কেউ ব্যক্ত করেন ক্ষব্ধু প্রতিক্রিয়া।

নাজির আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম বলেন, ‘অপরিকল্পিত ও অমানবিক ব্যবস্থা। আমরা বড়রাই গরমে অসুস্থ হয়ে পড়ছি; শিশুদের কী অবস্থা, তা বলার অপেক্ষা রাখে না।’ নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘এমনিতে জ্বরজারি হচ্ছে। বাচ্চারা অসুখে পড়লে অভিভাবকদের কাছে আমরা কী জবাব দেব? ৫০ জন বাচ্চা নিয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদের চিঠি দেওয়া হয়েছে। প্রশাসন কেবল পারে আমাদের মতো নিরীহ শিক্ষকদের সঙ্গে।’

মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভ সরকার জানায়, রোদে তার মাথা ফেটে যাচ্ছিল। শিক্ষকদের ভয়ে সে পালাতে পারেনি। সৌরভের বাবা স্বপন সরকার বলেন, ‘ছেলেটা রোদে পুড়ে ঘেমে নেয়ে বাড়ি ফিরেছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমরা সন্তানকে স্কুলে পড়ালেখা শিখতে পাঠিয়েছি, রোদের মধ্যে ভাষণ শুনতে নয়।’

জানতে চাইলে সাংসদ বীরেন শিকদার বলেন, রোদের কারণে তাঁরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বলেন, ‘আয়োজকেরা কাজটি অত্যন্ত খারাপ করেছেন। সামনে খোলা আকাশের নিচে বসে শিশুরা কষ্ট পাচ্ছিল। আমি এ জন্য আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত করেছি।’

জেলা প্রশাসক মাসুদ আহমেদ বলেন, দুই ঘণ্টার মতো অনুষ্ঠান চলার কথা ছিল। রোদের কারণে তাঁরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, বিদ্যালয়ের শিশুদের কোনো অনুষ্ঠানের জন্য রোদের মধ্যে বসিয়ে বা দাঁড় করিয়ে রাখা, অভ্যর্থনার জন্য লাইন দিয়ে দাঁড় করানো সরকারিভাবে নিষিদ্ধ। কেউ যদি এটা করেন, তাহলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।