রোদের তেজ বাড়ে, বাড়ে ডাবের দাম

শুরু হয়েছে গ্রীষ্মকাল। বাড়ছে সূর্যের তাপ। গরমে হাঁসফাঁস অনেকে তৃষ্ণা মেটাতে ছুটছেন ডাবের দোকানে। এই সুযোগে ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার বিকেল পর্যন্ত রাজধানীর তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করে।
গতকাল কারওয়ান বাজারে প্রতিটি ডাব বিক্রি হয় ৪০ থেকে ৬০ টাকায়। সন্ধ্যায় গরম কমে আসার সঙ্গে সঙ্গে দামও কমে যায়। সন্ধ্যায় কোনো কোনো বিক্রেতাকে ৩৫ টাকায়ও ডাব বিক্রি করতে দেখা যায়।
গতকাল কারওয়ান বাজারে রাস্তার ওপর বসা ডাবের দোকানে গিয়ে দেখা যায়, প্রচুর ডাব বিক্রি হচ্ছে। ব্যস্ত ডাব বিক্রেতারা দরকষাকষিতে রাজি নন। ‘একদাম’ বলে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। কোনো কোনো ক্রেতা দুই-তিন দোকান ঘুরে দোকানিদের মুখ থেকে ‘এক দাম’ শুনে রাগে গজগজ করতে করতে চলে যাচ্ছেন। আর যাঁদের তেষ্টার পরিমাণ বেশি, তাঁরা ওই ‘এক দামে’ ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছেন।
কারওয়ান বাজারে বিকেলে কথা হয় আবুল কালাম আজাদের সঙ্গে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অবসরে গেছেন তিনি। কারওয়ান বাজারে সিটি করপোরেশন কার্যালয়ে এসেছিলেন ব্যক্তিগত কাজে। তিনি বলেন, ‘ডাবের দাম খুব বেশি। একবার আসছিলাম, রোদ বেশি ছিল, তখন ডাবের দাম ৫০ টাকার নিচে নামে নাই। এখন রোদ কমছে, তাই আবার আসছি, যদি দাম কমে।’
পরে আবুল কালাম আজাদ ৩৫ টাকা দিয়ে ডাব কিনে খান।
ডাব বিক্রেতা আবদুর রহিম বললেন, গতকাল তিনি কারওয়ান বাজারের আড়ত থেকে প্রতিটি ডাব ৩৪ টাকা করে কিনেছেন। বিক্রি করেছেন ৫০ টাকা পর্যন্ত।
সারা দিনে গরমে পুড়ে ডাব বিক্রি করে লাভ কত থাকে? জানতে চাইলে কারওয়ান বাজারের একাধিক ডাব বিক্রেতা জানালেন, দোকান বসালেই বিভিন্ন লোকজনকে দেড় শ টাকা দিতে হয়। ময়লার গাড়িতে ডাবের খোসা ফেলার জন্যও টাকা দিতে হয়। আর গরমে অস্থির হয়ে গেলে নিজেরাই দিনে দুই-তিনটা ডাব কেটে খান। তাই সব মিলে খরচও একেবারে কম নয়।
ডাব বিক্রেতা মোহাম্মদ শহীদুল জানালেন, গতকাল ১০০ ডাব কিনেছেন ৩ হাজার ৭০০ টাকা দিয়ে। প্রতি পিছ ৬০ টাকা করে বিক্রি করেছেন। দিনে লাভ কত থাকে? এ প্রশ্নে শহীদুল বললেন, ‘বৃষ্টি বাদলায় লাভ নাই, গরম বাড়লেই লাভ। গরমের সময় দিনে এক হাজার টাকাও লাভ থাকে।’