রোদের মধ্যে ক্লাস বৃষ্টি হলেই ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের অভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রোদের মধ্যে খোলা মাঠে ক্লাস করানো হচ্ছে। আর বৃষ্টি হলেই বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকে।বিদ্যালয় থেকে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৮০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওই এলাকার সবচেয়ে পুরোনো একটি বিদ্যালয়। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর একটি টিনের ঘরে শুরু হয় শিক্ষা কার্যক্রম। পরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বিদ্যালয়টিতে তিন কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করা হয়।ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ক্লাসে জায়গা না হওয়ায় পাঁচ বছর ধরে বিদ্যালয়ের মূল ভবনের বাইরে বারান্দায় ও খোলা মাঠে ক্লাস করাতে হচ্ছে। বৃষ্টি হলে ক্লাস বন্ধ রাখতে হয়। আর প্রতিদিনই শিশুরা প্রচণ্ড রোদের মধ্যে ক্লাস করতে বাধ্য হচ্ছে। অনেক সময় শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলেও কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন।রূপালী আক্তার ও শিল্পী আক্তার নামে দুজন অভিভাবক জানান, শ্রেণীকক্ষের অভাবে ছোট শিশুরা রোদ-বৃষ্টিতে কষ্ট করে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে আরও একটি ভবন নির্মাণের জন্য স্থানীয় সাংসদ ও সরকারি কর্মকর্তাদের অনুরোধ করে আসছে। কিন্তু তাদের এই দাবির বিষয়ে কোনো দৃষ্টি দেওয়া হচ্ছে না।বিদ্যালয়টিতে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক ইসমত আরা বিদ্যালয়ের মাঠে মাদুর বিছিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। রোদের মধ্যে বেশির ভাগ শিশুই ক্লান্ত হয়ে পড়েছে। অভিভাবকেরা স্কুল ছুটির অপেক্ষায় মাঠে দাঁড়িয়ে আছেন।ইসমত আরা বলেন, ‘ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পাঁচ বছর ধরে এভাবেই খোলা আকাশের নিচে ক্লাস করানো হচ্ছে। আর বৃষ্টি এলেই বাচ্চাদের ছুটি দিতে বাধ্য হই।’প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাদল হোসেন জানান, বিদ্যালয়টিতে প্রতিবছর শতভাগ ছাত্রছাত্রী পাস করে। শ্রেণীকক্ষ ছাড়াও শিক্ষকের অভাব রয়েছে। চারজন শিক্ষক দিয়ে সব ক্লাস করাতে হয়। ২০১০ সালের পর থেকে এখানে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এখানকার খবর কেউ রাখে না।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল বলেন, ‘বিদ্যালয়টিতে শ্রেণীকক্ষ বাড়ানো প্রয়োজন। আমরা শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানাব।’এলজিইডি সোনারগাঁ উপজেলার প্রকৌশলী মো. শামসুজ্জামান বলেন, ‘শিক্ষা অফিস থেকে আমাদের লিখিতভাবে জানালে আমরা ওই বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের জন্য চেষ্টা করব।’