রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে মূল্যবান গাছ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ এলাকায় ঝড়ে উপড়ে পড়া ১৫টি গাছ ১৭ মাস ধরে পড়ে আছে। উপজেলা প্রশাসন গাছগুলো বিক্রি না করায় সেগুলো রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। কিছু গাছ সড়কে পড়ে থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল রাতে এই উপজেলায় ঝড় হয়। এতে উপজেলা পরিষদ এলাকার নানা স্থানে থাকা রেইনট্রি, আকাশি, বটগাছসহ বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির ১৫টি গাছ উপড়ে পড়ে। উপজেলা প্রশাসন ওই বছরের মে মাসের প্রথম সপ্তাহে এ গাছগুলো বিক্রির জন্য উন্মুক্ত নিলাম আহ্বান করে। ৩০ হাজার টাকা জামানত দিয়ে ১৫ জন এ নিলাম ডাকে অংশ নেন। স্থানীয় ব্যবসায়ী মোস্তাক আহমেদ ৩ লাখ ১১ হাজার টাকায় নিলামে গাছ কাটার অনুমতি পান।
কিন্তু নিলাম কমিটিতে বন বিভাগের কোনো কর্মকর্তা না থাকায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই নিলাম বাতিল করে দেন। ওই বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে পুনর্নিলাম আহ্বান করা হয়। ১ লাখ ৮২ হাজার টাকায় মোস্তাক আহমেদ আবারও নিলাম পান। কিন্তু গাছগুলো হস্তান্তর না করায় মোস্তাক চলতি বছরের জুলাই মাসে জামানতের টাকা তুলে নেন।
মোস্তাক আহমেদ বলেন, ‘আমি দুবার নিলাম ডাকে প্রথম হয়েছি। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করায় এবং সিদ্ধান্ত না নিতে পারায় আমি জামানতের টাকা তুলে নিয়েছি। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।’ উপজেলা পরিষদের কর্মকর্তারা বলেন, নিলামে গাছগুলোর দাম কম আসায় তা হস্তান্তর করা হচ্ছে না।
ঝড়ে বিধ্বস্ত গাছগুলোর মধ্যে দুটি গাছ উপজেলা অফিসার্স ক্লাব-সংলগ্ন এলাকার সড়কে পড়ে আছে। ফলে ওই এলাকার মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, তিনি এখানে নতুন এসেছেন। খুব শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।