রোবট দিয়ে খাবার পরিবেশন: পাঠক প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অনেক রেস্তোরাঁয় খাবার পরিবেশনে দেরি বা অব্যবস্থাপনার কথা শোনা যায়। এ ক্ষেত্রে রোবট দিয়ে খাবার পরিবেশনের বিষয়টি পাঠক কীভাবে দেখছেন, তা আজ প্রথম আলোর ফেসবুক পেজে জানতে চাওয়া হয়। মন্তব্যের ঘরে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্যই পাওয়া যায়। একদিকে মুন্না, সুমিত সেলিমের মতো অনেকেই একে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন, আবার দেশে বেকারত্ব বাড়ার আশঙ্কা জানানোর মতো পাঠকেরও অভাব নেই।

রেস্তোরাঁয় রোবট ব্যবহার করাকে ‘ডিজিটাল যুগের ডিজিটাল উদ্যোগ’ বলছেন সাকিব আহমেদ রাসেল। তবে বেকারত্ব বাড়ার আশঙ্কাকেই বড় করে দেখছেন সাইদ আনসার উল্লাহ, মাহমুদুল হাসান নাহিদ, আল আমিন, সাজিদ আহমেদ সাজি, হাবিব হাবিবুল্লাহসহ অনেক পাঠকই।

পার্থ ভট্টাচার্য লিখেছেন, ‘এটা উন্নত দেশেই মানায়, আমাদের গরিব দেশ। যে দেশে বেকারের সংখ্যা বছরে চক্রবৃদ্ধি হারে বাড়ছে, সেখানে সাধারণ কাজে এসব রোবট ব্যবহার করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। হয়তো একটা রেস্টুরেন্টের দেখাদেখি বাকি রেস্টুরেন্টগুলোও রোবট আনবে এবং এই হার যদি মাত্রাতিরিক্তভাবে বাড়ে, তবে অনেক মানুষই বেকার হয়ে যাবে। একটি রোবট দিয়ে হয়তো বেকারত্ব বাড়বে না কিন্তু “ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল”—এই ভাবসম্প্রসারণটা নিশ্চয়ই আমরা পড়েছি।’

বরাবরের মতো পাঠক প্রতিক্রিয়ায় বেশ কিছু পাঠকের রসবোধের পরিচয় পাওয়া যায়।

এই যেমন আবু ইমাম শাকিল জিজ্ঞেস করেছেন, ‘রোবটকে কি খাওয়া শেষে টিপস দিতে হবে? আর দেরি করলে কি ঝাড়ি মারা যাবে?’
আবদুল জব্বারের কল্পনায় ভেসে উঠেছে ভবিষ্যতের একধরনের বিশেষ সাইনবোর্ড। যেখানে লেখা থাকবে, ‘নেটওয়ার্কে সমস্যা, রোবট কাজ করছে না, তাই আজ সারা দিন রেস্টুরেন্ট বন্ধ থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

রোবটকে টিপস দিতে হবে না ভেবে খুশি হচ্ছেন সেতু আহমেদ।

আজাদ কামাল বেশ মজা করে লিখেছেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে খাবার এনে মাথায় ঢেলে দেয় কি না, সেটা ভেবে ভয় পাচ্ছি!’

রুনেট বড়ুয়া বিষয়টিকে গরিবের ঘোড়া রোগ বলছেন। রক্তিম আবির বিষয়টিকে ‘মার্কেটিং পলিসি’ হিসেবে দেখছেন।

সাইফুল্লাহ মাহমুদের মন্তব্যে মনে হলো সেই রেস্তোরাঁয় খাবার গ্রহণে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। লিখেছেন, ‘দেরি তো হয় রান্না কিংবা প্রসেসের কারণে। রোবটের কাজ তো শুধু পৌঁছে দেওয়া। আসাদ গেট এলাকায় একটি রোবট দিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে। এতে দেরি আরও বেশি হচ্ছে। তিন-চারবার আসা-যাওয়া করতে হচ্ছে একজনের খাবারের জন্য, যেখানে মানুষ একাই একবারে সব আনত।’

ধীরাজ নন্দি রাজ এমন এক বিশেষ রোবট দিয়ে খাবার পরিবেশন করতে বলেছেন, যেন কেউ ঘুষ, দুর্নীতি, দুই নম্বরির টাকায় খেতে গেলেই রোবটটি তাকে ধরে ফেলতে পারে।

কাউসার এইচ তৌফিক কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন রোবটের ব্যবহারকে। লিখেছেন, ‘রোবট কখনো মানুষের বিকল্প হতে পারে না। রোবটের কোনো পরিবার নেই, নেই কোনো মৌলিক চাহিদা, নেই কোনো পিছুটান। এসব কিছুই একটি মানুষের মাঝে বিদ্যমান। আর এ জন্যই সে কাজ করে, আর আপনি সেই কাজটা যদি একটি রোবটকে দিয়ে করান তাহলে তা মেনে নেওয়া যায় না।’

মোহাম্মদ আবুল বাকেরের মন্তব্যটি বেশ বিশ্লেষণধর্মী। লিখেছেন, ‘রোবট রেস্টুরেন্ট কথাটা শুনে ভালোই লাগছে, এ রকম একটা উদ্যোগকে আমাদের সাধুবাদ জানানো উচিত, কেননা দেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে এ রকম উদ্যোগের প্রয়োজন আছে, তবে এতে যেন বেকারত্ব বৃদ্ধির হারটা বেড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’