রোববার আধা বেলা হরতালের হুমকি ইসলামিক ফ্রন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব ও হাটহাজারীতে মাজারের ওপর হামলাকারী হেফাজতের কর্মীদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। যদি শনিবারের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে রোববার চট্টগ্রামে আধা বেলা হরতাল পালনের হুমকি দিয়েছে দলটি।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুন্নিভিত্তিক রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই হরতালের হুমকি দেয়। সংবাদ সম্মেলনে হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি ইসলাম অবমাননাকারী ‘নাস্তিক’ ব্লগার এবং যুদ্ধাপরাধীদের শাস্তিও দাবি করা হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর জানান, গত ২৬ এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব জালালুদ্দীন আল কাদেরীর ওপর হামলা হয়। ওই দিন রাতে হেফাজতকর্মীরা হাটহাজারীতে শেরেবাংলা শাহ মাজারে হামলা করলে বেশ কয়েকজন আহতও হন। সাইফুল নামের এক কর্মী এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।তিনি বলেন, এসব হামলাকারী হেফাজতে ইসলামের কর্মীকে শনিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে রোববার চট্টগ্রাম মহানগর ও জেলায় আধা বেলা হরতাল পালিত হবে। একই সঙ্গে সংবাদ সম্মেলন থেকে রাসুল (দ.) ও ইসলামের কুৎসা রটনাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করাসহ একুশ দফা দাবিতে শুক্রবার চট্টগ্রামের লালদীঘি মাঠে ইসলামিক ফ্রন্টের জনসভা সফল করার আহ্বানও জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, একটি গোষ্ঠী ইসলামের হেফাজতের নামে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের রক্ষার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে। তারা মুখে ইসলামের হেফাজতের কথা বলে আর মসজিদে তাণ্ডব চালায়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান প্রমুখ।