জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে ‘হল উদ্ধার সংগ্রাম পরিষদ’।
দাবি আদায়ে আগামী রোববার ক্লাস-পরীক্ষা বর্জন এবং পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে থেকে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ। পরে দুপুর ১২টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায়ে প্রায় দেড় মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দাবি আদায়ে আগামী রোববার ক্লাস-পরীক্ষা বর্জন ও পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করা হবে।
বক্তারা আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলো উদ্ধার ও নতুন হল নির্মাণে আগামী ২ এপ্রিল একটি প্রতিবেদন জমা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। এতে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পুরান ঢাকা অচল করে দেবেন তাঁরা।