রোববার টিকা খাওয়ানো হবে দুই কোটি শিশুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে এক থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি শিশুকে আগামী রোববার ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। এ ছাড়া এবারই প্রথম কুমিল্লা, মৌলভীবাজার, গোপালগঞ্জ, বরিশাল ও সাতক্ষীরা এবং রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী দুই লাখের ওপর শিশুকে নীল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।উপদেষ্টা বলেন, সরকার শতভাগ সাফল্য চায় বলেই এ ধরনের কর্মসূচি চলছে। বাংলাদেশে প্রতিবছর ৩০ হাজারের বেশি শিশুর জীবন বাঁচানোর পাশাপাশি লাখ লাখ শিশুকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করছে ভিটামিন এ। তিনি বলেন, বাংলাদেশে দুই দশক আগে রাতকানা রোগের হার ছিল ৩ দশমিক ৭ শতাংশ। বর্তমানে এই হার দশমিক শূন্য ২ শতাংশে নেমে এসেছে।জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক ফাতিমা পারভিন চৌধুরী বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবকদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছি। সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ খাওয়ানোর নতুন এই কার্যক্রম শুরু করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে সম্পর্কে আলাপ-আলোচনা করছি।’আইপিএইচএন বলছে, বাংলাদেশে নয় মাস বয়সী শিশুদের হামের টিকার সঙ্গে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, এটি ছয় মাস বয়স থেকে খাওয়ানো উচিত। এটি বাস্তবায়িত না হওয়ায় দেশের ছয় থেকে নয় মাস বয়সী নয় লাখ শিশু ভিটামিন এ-র অভাবজনিত সমস্যার ঝুঁকিতে রয়েছে।ভিটামিন এ-র অভাবে রাতকানা ছাড়াও হাম ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বাংলাদেশে মোট শিশুমৃত্যুর এক-তৃতীয়াংশই হয়ে থাকে হাম ও ডায়রিয়ায়। জীবাণু সংক্রমণে রক্তস্বল্পতা হয় এবং এ থেকে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ, অতিরিক্ত সচিব আমীর হোসেন প্রমুখ।সারা দেশের এক লাখ ৪০ হাজার স্থায়ী কেন্দ্র এবং বাসস্ট্যান্ড, রেলস্টেশন, খেয়াঘাট, ফেরিঘাট ও বিমানবন্দরে ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে এই ভিটামিন ও বড়ি খাওয়ানো হবে। সেই সঙ্গে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্বের বিষয়টিও মায়েদের জানানো হবে।উপদেষ্টা শিশুদের খালি পেটে বড়ি না খাওয়ানোর পরামর্শও দেন।