রোববার ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি লিন ফিদারস্টোন
বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক আন্ডার সেক্রেটারি লিন ফিদারস্টোন। তিন দিনের সফরে কাল রোববার তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটের পরবর্তী কর্মপন্থার অংশ হিসেবে লিন ফিদারস্টোন ঢাকায় আসছেন। গত ২২ জুলাই লন্ডনে এই সামিট অনুষ্ঠিত হয়। ওই সামিটে কিশোরীদের জোর করে বিয়ে দেওয়া এবং বাল্যবিবাহ নির্মূলে বিশ্বনেতারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সামিটে অংশ নেন এবং বাল্যবিবাহ নির্মূলে সেখানে তাঁর অঙ্গীকার ঘোষণা করেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ফিদারস্টোনের সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত বেশ কিছু উন্নয়ন প্রকল্প তিনি পরিদর্শন করবেন।
ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল ঢাকায় আসছেন আজ: তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী সেক্রেটারি জেনারেল মাইকেল ও’নিল। এই সফরে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এ ছাড়া সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন ও’নিল।